সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দখলদার ইসরায়েলের তেলআবিবগামী ফ্লাই দুবাইয়ের বিমান ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল গতকাল। ওই সময় বিমানটি চালাচ্ছিলেন ভারতীয় পাইলট স্মিত গচ্ছাড়। বিমান ছিনতাইয়ের জন্য তার সহকর্মী তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
তবে এর আগে বিমানের ককপিটের দরজা খুলে দিতে সমর্থ হন ক্যাপ্টেন স্মিত। এতে করে বিমানের যাত্রীরা ককপিটে ঢুকে হামলাকারী পাইলটকে নিবৃত করতে সমর্থ হন।
আর এমন বীরোচিত কাজের জন্য স্মিত মাচ্ছাড়ের প্রশংসা করেছেন যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ দখলদার লিখেছেন, “অসাধারণ সাহসিকতার জন্য ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে আমার স্যালুট। ছুরিকাঘাতের শিকার ও গুরুতর আহত হওয়া সত্ত্বেও, তিনি পাল্টা লড়াই করেন, হামলাকারীকে বাধা দেন এবং ককপিটের দরজা খুলে দেন। এতে করে যাত্রী ও অন্য ক্রুরা ককপিটে প্রবেশ করে হামলাকারী পাইলটকে নিবৃত করতে সমর্থ হন। তিনি ভয়াবহ মধ্য-আকাশের বিপর্যয় ঠেকিয়ে দিয়েছেন।”
ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে ‘সত্যিকারের হিরো’ হিসেবে অভিহিত করে তার সুস্থতা কামনা করেছেন নেতানিয়াহু। ক্যাপ্টেন স্মিত ছুরি হামলায় গুরুতর আহত হয়েছেন। একটি ভিডিওতে দেখা গেছে, হামলার পর তার পুরো শরীর রক্তে ভিজে আছে এবং তিনি কথা বলতে পারছিলেন না।
ভয়াবহ ওই ঘটনার সময় বিমানটিতে সৌভাগ্যক্রমে সাধারণ যাত্রীর আসনে দুজন অফ-ডিউটি পাইলট ছিলেন। যখন ককপিটে এমন ঘটনা ঘটে, তখন তারা গিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নিয়ে এটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করান।
সূত্র: এনডিটিভি।








