খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গুলি করে হত্যা

0
2

খুলনার দিঘলিয়ায় বাড়ির সামনে দোকানে চা খেতে বেরিয়ে গুলিতে নিহত হয়েছেন মো. নাসিমুল গণি ওরফে নাসিম নামের এক ব্যক্তি। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে। রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ হত্যাকাণ্ড ঘটে।নিহত নাসিমুল গণি (৪৫) উপজেলার ফরমাইশখানা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাসিম বাড়ির সামনে চা খেতে বের হন। এ সময় একটি ভ্যানে করে দুই ব্যক্তি সেখানে এসে তাকে গুলি করে পালিয়ে যান। গুলিবিদ্ধ নাসিমকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিঘলিয়া থানার ওসি খন্দকার সানোয়ার হুসাইন মাসুম বলেন, বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ওসি বলেন, নিহত নাসিমের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here