শ্রীলঙ্কার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া

0
1

টেস্ট ফরম্যাটে শ্রীলঙ্কার সাম্প্রতিক পরিসংখ্যান মোটেও সুখকর নয়। তবে অনেকটা হুট করে দেশটির টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন ধনঞ্জয়া ডি সিলভা। ৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটার ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর ১৮টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে পেয়েছেন ৭ জয়, ৮ হার ও ৩টিতে ড্র। নিজে খেলা চালিয়ে গেলেও পরের প্রজন্মের হাতে নেতৃত্ব দেওয়ার আহবান জানিয়েছেন ধনাঞ্জয়া।

লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) নির্বাচক কমিটিকে দেওয়া চিঠিতে অভিজ্ঞ এই ব্যাটার বলেছেন, ‘এটা আমার একান্ত মতামত যে, দলের দায়িত্ব এখন পরবর্তী প্রজন্মের হাতে হস্তান্তর করা উচিত।’ অধিনায়কত্ব ছাড়লেও, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন ধনাঞ্জয়া।

দিমুথ করুণারত্নে অবসর নেওয়ার পর ২০২৪ সালে ডি সিলভা টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে আফগানিস্তান (হোম), বাংলাদেশ (হোম ও অ্যাওয়ে) এবং নিউজিল্যান্ডের (হোম) বিপক্ষে সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া নিজেও তখন ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন।

অধিনায়ক হিসেবে নিজের মাত্র দ্বিতীয় টেস্টেই সিলেটে জোড়া সেঞ্চুরি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে ৩২৮ রানের বিশাল জয় এনে দেন ধনাঞ্জয়া। অধিনায়ক থাকাকালে তিনি আরও দুটি সেঞ্চুরি করেন এবং ব্যাটিংয়ে তার গড় ছিল ৩৬.৪৫।

এদিকে, লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তার বাকি ক্যারিয়ারের জন্য শুভকামনা এবং টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছে।’ যদিও এখনও লঙ্কান টেস্ট দলের পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here