‘শুদ্ধতার মধ্যে আমরা লালন চর্চা করি’

0
1

বাউল সাধক ও দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ। এ উপলক্ষে আজ কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হয়েছে লালন উৎসব ও মেলা। লালন একাডেমি চত্বরে এ আয়োজন চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। তিনদিনের এ আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, দেশের বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং লালনসংগীতের আসর।

লালনের আখড়ায় দেখা হয় এক বাউল সাধকের সঙ্গে। হৃদয় শাহ নামের সেই সাধক প্রায় ৩৫ বছর ধরে লালনচর্চা করছেন। তার বাড়ি লালন আখড়ার পাশেই। ঢাকা পোস্টের সঙ্গে কথা বলেছেন তিনি।

হৃদয় শাহ বলেন, ‘গুরু পরম্পরার যে ধারা, সেটা মোতাবেক সন্ধ্যায় শুরু হয় মূল আয়োজন। যথারীতি রাতে অধিবাস সেবা ও পরদিন বাল্য সেবা ও দুপুরে পরিপূর্ণ পূর্ণ সেবা মধ্য দিয়ে আমাদের এই মিলনমেলা শেষ হবে।’

লালনের বাণী থেকেই জীবনচর্চা করেন তারা। হৃদয় শাহ বলেন, ‘লালন উৎসবকে ঘিরে মানুষের বিরল মেলা চলে এখানে। তবে এখানে এসে কিছুক্ষণ বসে বা ঘুরে চলে যাওয়া মধ্যে আসল শিক্ষনীয় বিষয়টি নেই। আমরা লালনকে শুদ্ধতার মধ্যে চর্চা করি, তার দর্শনকে আমরা ধারণ করি; সেবব কিন্তু সাঁইজির বাণী থেকেই এসেছে।’

লালনের চর্চার মধ্য দিয়ে আত্মার অনুসন্ধান, সত্যের অন্বেষণে মানুষের আগ্রহ ক্রমশ বাড়ছে বলেই মনে করেন হৃদয় শাহ। তার ভাষ্য, ‘যারা লালন সাঁইজির ধারক-বাহক, তাদের কাছে অনেক দর্শকই আসেন। কিন্তু গুরু পরম্পরার যে বিষয়টি, সেটি নির্দিষ্ট নিয়মেই হয়। যেমন সবাইকে সবটা বললে যেমন বোঝাপরাটা তৈরি হবে না, ঠিক তেমনি অনুরাগ বা প্রেম না থাকলে শুদ্ধতার জায়গা তৈরি হবে না। তবে আজকে যে ভিড় দেখতে পাচ্ছি, এই ভিড়ের মধ্যে অবশ্যই সেই আলোকিত মানুষটি আছেন, যিনি অনেক দূর থেকে এসেছেন। তিনি বসে থাকার চেষ্টা করেন, কাছে যাওয়ার চেষ্টা করেন, চোখের আঙিনায় আসার চেষ্টা করেন। সত্যকে জানার চেষ্টা দিনদিন বেড়েই যাচ্ছে।’

লালনের দর্শন মেনে মানবপ্রেমকে জাগ্রত করার আহ্বান জানালেন হৃদয় শাহ। তিনি বলেন, ‘লালন উৎসবের যে ধারা, তাতে মানুষজনের ভিতরে নতুন করে তৃষ্ণা জাগছে। মানুষ তার দর্শনকে মনে নেয়ার চেষ্টা করছে। লালন সাঁইজির দর্শন গভীরের দর্শন, ভেতরের দর্শন। আমাদের আরো বেশি শুদ্ধতার প্রয়োজন। কেননা আমরা যদি আমাদের মানবপ্রেমকে আরো জাগ্রত করতে পারি, তাহলে শুধু ব্যক্তি নয় পরিবার নয়, সামাজিকতা নয়, রাষ্ট্রীয় নয়, সকলের ভিতরে নতুন করে মানবতার বীজ জাগ্রত করতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here