স্প্যানিশ ফুটবলের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের মধ্যকার চলমান বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন হুয়ান লাপোর্তা। ক্রমেই তিক্ত রূপ নিতে থাকা এই দ্বন্দ্বে বার্সেলোনা সভাপতি প্রতিপক্ষ ক্লাবের বিরুদ্ধে তুলেছেন গুরুতর সব অভিযোগ। জানিয়েছেন আর তেবাসের প্রতি জানিয়েছেন তার পূর্ণ সমর্থন।
শনিবার (১৮ অক্টোবর) রাতে রিয়াল বেতিসের বিপক্ষে বার্সার ৫-২ ব্যবধানে জয়ের ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাপোর্তা বলেন, হাভিয়ের তেবাসকে লা লিগার সভাপতি হিসেবে পেয়ে আমি আনন্দিত। এ ধরনের সংবেদনশীল পরিস্থিতি সামলানোর মতো প্রয়োজনীয় অভিজ্ঞতা তার রয়েছে। রিয়াল মাদ্রিদের এসব আক্রমণ কীভাবে রুখে দিতে হয়, সে সম্পর্কেও তাঁর দারুণ ধারণা আছে।
তবে রিয়ালের সমালোচনায় এখানেই থেমে থাকেননি লাপোর্তা। আরও কড়া ভাষায় তিনি বলেন, মনে হচ্ছে তারা যেন সবকিছু ধ্বংস করে দিতে চায়। তারা লা লিগাকে ধ্বংস করতে চায়, রেফারিদের কারিগরি কমিটিকে (সিটিএ) ধ্বংস করতে চায়। তারা রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে নিয়েও সন্তুষ্ট নয়। সত্যি বলতে তারা কোনো কিছুতেই সন্তুষ্ট নয়।
লাপোর্তা আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, ভাগ্যবশত তেবাস ইতোমধ্যে এক হাজার লড়াই পার করে এসেছেন। লা লিগারই অংশ এমন একটি ক্লাবের পক্ষে যেসব অনাকাঙ্ক্ষিত আক্রমণ আসছে। যা তারা প্রতিনিয়ত প্রতিটি বিষয়ের ওপর করে চলেছে। সেগুলো প্রতিহত করার মতো যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা তেবাসের রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস মন্তব্য করেন যে, রিয়ালের নিজস্ব টিভি চ্যানেলটি নাৎসি জার্মানির আদলে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এর পরপরই ক্লাবের পক্ষ থেকে তেবাসের পদত্যাগের জোর দাবি তোলা হয়।
এর জেরে রিয়াল মাদ্রিদ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, স্প্যানিশ ফুটবলের দুটি সবচেয়ে দায়িত্বশীল পদে আসীন থাকা একজন ব্যক্তি আমাদের ক্লাবের পরিচালনা পর্ষদ এবং অফিশিয়াল টিভি চ্যানেলকে হেয় করতে নাৎসি শাসনকালের বিতর্কিত প্রচার ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন। এটি অত্যন্ত অনভিপ্রেত, আপত্তিকর এবং মারাত্মক দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তিনি নাৎসি মতাদর্শের কথা বলেননি বলে সাফাই গাওয়ার চেষ্টা করলেও, এতে তার মন্তব্যের কুরুচিপূর্ণ ও প্রাতিষ্ঠানিকভাবে অনুপযুক্ত অবস্থান কোনোভাবেই হালকা হয়ে যায় না।
এরপরই লা লিগার সভাপতি এবং রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি পদ থেকে ৬৪ বছর বয়সী তেবাসের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করে রিয়াল।
তবে এই দাবিতে একেবারেই বিচলিত হননি তেবাস। জবাবে শান্ত কণ্ঠে এক্স-এ তিনি লেখেন, গত ১৩ বছরে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ কতবার আমার পদত্যাগ চেয়েছে, তার হিসাব আমার কাছে নেই। এই চেয়ারে বসে স্বাধীনভাবে কাজ করতে হয়, রিয়াল মাদ্রিদ টিভির ক্রমাগত, অতিরঞ্জিত ও আক্রমণাত্মক মন্তব্যের মুখে চুপ করে বসে থাকা আমার কাজ নয়।








