এক দশক আগে যে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেছিলেন শরীফুল রাজ ও নাজিফা তুষি, সেই সিনেমা ফের দেখার সুযোগ পাচ্ছেন দর্শকেরা। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’। দীর্ঘ ১০ বছর পর এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে চরকি জানিয়েছে, আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।
সিনেমাটিকে নিজের অভিনয়জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন শরীফুল রাজ। এ প্রসঙ্গে সম্প্রতি তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ১০ বছর আগের রাজ আর এখনকার রাজের মাঝে নিশ্চয়ই কিছু পরিবর্তন এসেছে। আজকের শরিফুল রাজ হওয়ার পেছনে ‘আইসক্রিম’ এর ভূমিকা রয়েছে বলেও জানান।
প্রথম সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নিয়ে নাজিফা তুষির স্মৃতিতেও রয়েছে নানা অনুভূতি। তার ভাষায়, সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই, না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলেন। তবে সে সময় অল্প জ্ঞান থাকলেও তুষির মনে হয়েছিল ‘আইসক্রিম’ একটি ভালো প্রোজেক্ট ও রেদওয়ান রনি একজন ভালো নির্মাতা।
‘আইসক্রিম’-এ রাজ ও তুষির পাশাপাশি অভিনয় করেছেন উদয়, এ টি এম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম। সিনেমাটির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি ও মিনার রহমান।








