‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরাসি অপেরা ফিউশনের ঘোষণা

0
2

বাংলাদেশে প্রথমবারের মতো ঐতিহাসিক ফরাসি অপেরা ফিউশনের ঘোষণা দিয়েছে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র পার্ল হল রুমে ‘দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর প্রতিষ্ঠাবার্ষিকেীতে বলা হয়, আগামী ১১ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত আয়োজিত ১১ দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে মূল লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান। তিনি উপস্থিত সাংবাদিক বন্ধুদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ১১ দিনব্যাপী উৎসবের সার্বিক রূপরেখা ও আয়োজনের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি জানান, দেশের তরুণ প্রজন্মের সম্ভাবনাময় শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম প্রদানের স্বপ্ন নিয়ে আজ থেকে তিন বছর আগে দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের যাত্রা শুরু হয়েছিল এবং ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক রেজিস্ট্রেশন লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ক্লাবটি তাদের প্রশংসিত নিয়মিত আয়োজন ‘শুক্রবার সংগীত সন্ধ্যা’-র ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন করেছে। তিনি আরও জানান, ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাবটি তিনটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে: প্রথমত, ২০ থেকে ৩৫ বছর বয়সী উদীয়মান শিল্পীদের মধ্য থেকে আগামী দিনের সেরা চিত্রশিল্পীদের খুঁজে বের করে প্রতিষ্ঠিত করতে দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘Atelier Award: Young Painters of Tomorrow’; দ্বিতীয়ত, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব, যেখানে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন, হাসন রাজা, মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল, হাজং সহ বিভিন্ন ঐতিহ্যের সংগীত পরিবেশিত হবে; এবং তৃতীয়ত, ২১ নভেম্বর ২০২৬ (শনিবার) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি ফরাসি ও বাংলা অপেরার ঐতিহাসিক ফিউশন পরিবেশনা। এই অনুষ্ঠানে বিখ্যাত ফরাসি অপেরা শিল্পী মিজ ভেরোনিক পেইন এবং ফরাসি পিয়ানিস্ট মি. ফ্যাব্রিস মেইত্রে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন। এই ঐতিহাসিক সন্ধ্যাটি ঢাকাস্থ ফরাসি দূতাবাস ও মান্যবর রাষ্ট্রদূত এইচ.ই. মি. জঁ-মার্ক সেঁরে-শার্লে (H.E. Mr. Jean-Marc Séré-Charlet)-এর বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকাস্থ ফরাসি দূতাবাসের ব্যাপ্টিস্ট লেব্রে — সাংস্কৃতিক অ্যাটাশে তাঁর বিশেষ বক্তব্যে বাংলাদেশে প্রথমবারের মতো এই ঐতিহাসিক ফরাসি অপেরা শো সফলভাবে বাস্তবায়নে ফরাসি দূতাবাসের সর্বাত্মক সমর্থন নিশ্চিত করেন। একই সাথে তিনি ফরাসি দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক শিল্প বিনিময়ে ফরাসি সরকারের ধারাবাহিক সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরবর্তীতে সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা ক্লাবের প্রারম্ভিক ইতিহাস স্মরণ করে এই আন্তর্জাতিক মেগা আয়োজন সফলে উদার পৃষ্ঠপোষকতার জন্য ঢাকাস্থ ফরাসি দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা কর্তৃপক্ষ এবং সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। একই সাথে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে এবং তরুণ শিল্পীদের বিকাশে দেশের বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকদের এ ধরনের বড় উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে ডায়াসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান (Deputy Head of Mission) মি. ফ্রেড্রিক ইনজা (Mr. Frédéric INZA), দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেড-এর সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী সুজিত মোস্তফা, ১ম বর্ষপূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ. এইচ. এম. মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশন (ডিইউসিএফ)-এর প্রতিনিধি সংগীতশিল্পী মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক মি. অলিভিয়ার লোরো (Mr. Olivier Loreaux)। সংবাদ ব্রিফিং শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দের বিভিন্ন বস্তুনিষ্ঠ প্রশ্নের উত্তর দেন ডায়াসে উপস্থিত অতিথিবৃন্দ। প্রাণবন্ত এই প্রশ্নোত্তর পর্ব শেষে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীদের আপ্যায়নের মাধ্যমে প্রেস কনফারেন্সের সফল সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here