এশিয়ান গেমস কিংবা ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের ব্যাটিং কেবলই যেন ডুবছে। এর মধ্যেই আচমকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় মোহাম্মদ আশরাফুলকে। পরে আসন্ন সিরিজের জন্য মোহাম্মদ সালাউদ্দিনকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি।
ঢাকা টেস্ট শুরুর আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আশরাফুল প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রত্যেক কোচের সাথে কাজ করতে উপভোগ করেছি। আশরাফুল ভাই এক বছরের মতো ছিল। যতটুকু কাজ করেছেন ভালো কাজ করেছেন। অভিজ্ঞ ছিলেন, অনেক কিছু শেয়ার করেছেন। ব্যাটিং কোচের রিপ্লেসমেন্টে যিনি এসেছেন তিনি কিছু দিন আগেও ড্রেসিংরুমে ছিলেন।’
‘তাই এখানে খুব একটা প্রভাব পড়বে না। তার সাথেও সবাই অতীতে অনেক কাজ করেছি। মানিয়ে নিতে কোনো সমস্যা নেই। সালাউদ্দিন স্যার ভালো কাজ করছেন। আশরাফুল ভাইয়ের সাথেও যতটুকু কাজ করেছি উপভোগ করেছি। উনি উনার কাজ ভালোভাবে করেছেন।’
টেস্টে উন্নতি নিয়ে টাইগার অধিনায়কের ভাষ্য, ‘সবাই টেস্ট নিয়ে কথা বলছে, এটা অবশ্যই ভালো লাগছে। এই কালচার ২-৩ বছর আগেই শুরু হয়েছে আমি বিশ্বাস করি। এটা ধরে রাখতে হবে। অনেক ভালো করার সুযোগ আছে। আমরা ভালো করছি কিন্তু আমরা খেলোয়াড়রা খুশি না। আমাদের পা মাতিতেই আছে। কীভাবে আরও ভালো করতে পারি বেশি এক্সাইটেড না হয়ে। যা-ই অর্জন করেছি, তা যথেষ্ট না। আমাদের আরও উন্নতির সামর্থ্য আছে।’
সামনে বড় সিরিজ নিয়ে শান্তর ভাবনা, ‘একটা জিনিস মাথায় রাখতে হবে, ওরকম অভিজ্ঞ দল এখনও হইনি। এই টেস্ট সিরিজ খুব ইম্পরট্যান্ট। এটা কত ভালো খেলছি এখানেই মনোযোগ। আমাদের হাতে সময় কম, ফোকাস এখন এই সিরিজেই। চাপ, চ্যালেঞ্জ থাকবেই। উপভোগ করতে হবে। এগুলো ভালোভাবে করতে পারলে আমরা এই দুই টেস্ট ভালো খেলব বলে বিশ্বাস করি।’









