ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফের রাজপথে নামা পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মিরপুর। শনিবার (৩১ অক্টোবর) মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের পাশাপাশি ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
পুলিশ জানায়, শ্রমিকদের এমন আন্দোলনের কারণে সারাদিন মিরপুর এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে তারা দুপুরে আড়াইটার দিকে আন্দোলন স্থগিত করে চলে গেলেও রাস্তায় যানজটের ভোগান্তি রয়ে গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহ আলী থানাধীন হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে মিরপুর-১০ থেকে আসা শ্রমিকরা গার্মেন্টসটি ও পাশের বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুর চালান। এ সময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক ছিলেন।
এর আগে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল সাড়ে দশটা থেকে মিরপুর-১০ নম্বর, মিরপুর-১১ নম্বরসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার দুপুরে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে সরে যান আন্দোলনরত শ্রমিকরা। এরপর তারা মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় গিয়ে ভাঙচুর চালান।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ নাছের রিকাবদার জানান, মিরপুর-১০ নম্বর থেকে শ্রমিকরা সরে যাওয়ার পর মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। যারা এসব ভাঙচুরের সঙ্গে জড়িত, তাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









