১৭ অক্টোবর থেকে ২৯ জেলায় বৃষ্টির আভাস

0
34

আগামী ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের মোট ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এ সময়ের মধ্যে মূলত উপকূলীয় এবং পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অঞ্চলভেদে বৃষ্টির তীব্রতায় ভিন্নতা দেখা যাবে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত এ দুটি জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই বর্ষণ মাঝেমধ্যে হতে পারে।

বিডব্লিউওটি আরও জানায়, দেশের পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বা কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির এই প্রবণতাও থাকবে মাঝেমধ্যে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

সংস্থাটি পূর্বাভাসে জানায়, উল্লিখিত জেলাগুলোর সব এলাকায় একযোগে বৃষ্টি নাও হতে পারে। এ ধরনের বৃষ্টি মূলত সংশ্লিষ্ট জেলার সামান্য এলাকায় হতে পারে। তবে, কক্সবাজার, বান্দরবান ও এর পার্শ্ববর্তী এলাকায় কিছুটা বেশি বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here