বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। মার্কিন সাময়িকী ‘টাইমস’-এর ২০২৬ সালের এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। রণবীরের এই সাফল্যে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী আলিয়া ভাট।
ভারতীয় গণমাধ্যমের খবর, গত বুধবার টাইমসের তালিকাটি প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন রণবীর। এই তালিকায় গুগল সিইও সুন্দর পিচাই ও জনপ্রিয় শেফ বিকাশ খান্নার মতো বিশিষ্ট ভারতীয়দের পাশাপাশি রণবীরের নাম যুক্ত হয়েছে। স্বামীর এই প্রাপ্তিতে একটি ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে রণবীরকে অভিনন্দন জানানোর পাশাপাশি মজার ছলে আইসক্রিম খাওয়ার বিশেষ আবদারও করেন এই অভিনেত্রী।
রণবীর কাপুর বর্তমানে নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে তার ‘রাম’ অবতার নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আগামী অক্টোবর মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৪ সালে আলিয়া ভাটও টাইমেসের প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছিলেন। এবার স্বামীর এই আন্তর্জাতিক স্বীকৃতিতে কাপুর পরিবারে অন্য মাত্রা যোগ হলো।




