গৃহদাহ জ্বলছে বাংলাদেশ লেবার পার্টিতে। দলের চেয়ারম্যান ডাঃ মুস্তাফিজুর রহমান ইরানের দলকে ঝালকাঠি ১ আসনে নমিনেশন না দেওয়ায় ক্ষীপ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ও কর্মী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহ্সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকদিন আগেই নতুন করে ৩৬ আসনের মনোনীত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন, তাতে ঝালকাঠি-১ আসনে রফিকুল ইসলাম জামালের নাম ঘোষনা করেন তিনি।
এই ঘোষণার পর পরই বিএনপির অপমৃত্যু হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। এসময় বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগের অফিস দখল, চাঁদাবাজি, জাতীয় ঐকমত্য কমিশনে ইচ্ছের বিরুদ্ধে মতামত দেয়াসহ বিভ্নি ইস্যুতে বাংলাদেশ লেবার পার্টি দেশের মানুষের সাথে প্রতারণা করেছে, এজন্য তারা জাতির কাছে কাছে ক্ষমা প্রার্থনাও করেন। এ সিদ্ধান্তকে বিএনপির আত্মঘাতি সিদ্ধান্ত বলে মনে করে বাংলাদেশ লেবার পার্টি। দলটি মনে করে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদি সমমনা জোটকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
২০০৬ সাল থেকে বিগত দুই দশক ধরে বিএনপির ঘনিষ্ঠ শরিক হিসেবে সমমনা দল, ১৮ দলীয় জোট এবং পরবর্তীতে ২০ দলীয় জোট, যুগপৎভাবে দায়িত্বশীল, ত্যাগী ও আদর্শিক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ লেবার পার্টি। ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি রাজপথের যুগপৎ আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি কর্মসূচিতে বিএনপির পাশে সক্রিয় ভাবে অবস্থান নিয়েছে। সেই পথচলার আনুষ্ঠানিক ভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি।
৫ ডিসেম্বর (শুক্রবার) বেলা ২টায় নয়া পল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভা পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
লেবার পার্টি মনে করে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ডাকা হরতালে ডাঃ ইরানের গ্রেফতার, যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার হওয়া, অসংখ্য মিথ্যা মামলা ও পাঁচবার কারাবরণ, জুলাই গনঅভ্যুত্থানে দুজন কর্মীর শাহাদাত বরন, সারাদেশে অসংখ্য নেতাকর্মী হামলা মামলা গ্রেফতার নির্যাতন নিপীড়ন-সবই প্রমাণ করে লেবার পার্টি ছিল বিএনপির সবচেয়ে নিবেদিত, বিশ্বস্ত ও ত্যাগী শরিকদল। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি দীর্ঘ দিনের রাজনৈতিক ভ্রাতৃত্ব, যৌথ সংগ্রাম ও মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে শরিক দলের সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সমমনা দলগুলোকে মাইনাস করে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যা রীতিমতো প্রতারনামূলক, অমর্যাদাকর ও বেঈমানীপূর্ণ আচরণ।
নেতৃবৃন্দ মনে করেন, আন্দোলন–নির্বাচন–সরকার গঠন একসঙ্গে করার প্রকাশ্য প্রতিশ্রুতি ভঙ্গ করে তারেক রহমান চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। আমরা শুনেছি, বিএনপি টাকার বিনিময়ে অযোগ্য, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে হাজার কোটি টাকার মনোনয়ন বানিজ্যে লিপ্ত হয়েছে। এমন কর্মকাণ্ড বিএনপির নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণ ভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্রকে আরও দুর্বল করেছে।
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার চরম সংকটকালে, যখন তার সবচেয়ে বেশি দৃঢ় রাজনৈতিক ঐক্য ও বন্ধুত্বের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় বিএনপির মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউই প্রত্যাশা করেনি। এ আচরণ রাজনৈতিক অমর্যাদা ও অকৃতজ্ঞতার এক বেদনাদায়ক নজির হয়ে থাকবে। ইতোপূর্বেও আওয়ামী লীগ যখন জোট সুসংহত করেছে বিএনপি তখন দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে মাইনাস করতে ২০ দলীয় জোটকে ভেঙে দিয়েছে।
লেবার পার্টির নির্বাহী কমিটি মনে করে, শরিকদের প্রতি অবজ্ঞা, অদূরদর্শী সিদ্ধান্ত, নীতিহীন মনোনয়ন প্রক্রিয়া এবং বেঈমানীপূর্ণ আচরণের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন, অবিশ্বাস ভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে। এমন কর্মকান্ডে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তিই তাদের ওপর আস্থা রাখতে পারবে না- এ দায় সম্পূর্ণ বিএনপির।
তিনি বলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর মহাসমাবেশে মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজপথ ছেড়ে পালিয়েছে বিএনপি। সেই ২৮ অক্টোবরের পর থেকে বিএনপির পাশে আমরা ভ্যানগার্ডের মতো আছি। দীর্ঘ ১৭ বছরের প্রতিক্ষার এই ফলাফল হবে ভাবতেই পারেনি দলটি জানিয়ে সভাপতি বলেন, ঝালকাঠি ১ আসনের প্রার্থী রফিকুল ইসলাম জামাল এরই মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সেখানে বিএনপি বহুদা বিভক্ত। বিএনপি আগামী নির্বাচনে যেতে ভয় পাচ্ছে। তারা শরীকদের যেভাবে ফুটবলের মতো লাত্থি মেরেছে, তার ফলাফল ভালো হবে না।
ডাঃ ইরান বলেন, বাংলাদেশ লেবার পার্টি এককভাবে ৭৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। তফসিল ঘোষণার আগেই আরো অন্তত ১০০ আসনে প্রার্থীতা দেবে।
এদিকে, এই ঘোষণা দেয়ার পর থেকেই জাতীয়তাবাদী দলের কোন প্রতিক্রিয়া দেখা না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাঃ ইরানকে নিয়ে মন্তব্য, পাল্টা মন্তব্য এসেছে বহু। মো: জামাল নামের একজর লিখেছেন, ইরান ভাই একটু অপেক্ষা করলে হতো না, তারেক জিয়া আপনাকে নিশ্চয়ই মূল্যায়ন করতেন একজন এমপি হওয়াই কি শেষ কথা, ২০১৮ সনে আপনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন,জিয়া নগর কলেজ থেকে আপনি ৫৬০ টি ভোট পেয়েছিলেন সকাল ১০ টার পরে আর ব্যালট পেপার ছিলো না সব আগের রাতে দেওয়া হয়েছিলো আপনিতো এলাকায় যেতে পারেননি এগুলো কি আপনার ভোট ছিলো নাকি বিএনপি বা ধানের শীষের ভোট ছিল।আপনি ত্যাগী, সাহসী নেতা সন্দেহ নেই ধৈর্য্য ধরেন আপনি আপনার দল উপকৃত হবে।আপনার কর্মীদের বিপদের সম্মুখীন করিয়েন না।
গোলাম নওশাদ নামের একজন জানিয়েছেন, বিএনপি ভেসে আসা কোনো কচুরিপানা নয় ও রাজনৈতিক ফেলনা নয়। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতেগড়া দল। হাসিনার শাসনামলে টানা ১৭ বছর দুঃসময়ে প্রতিকূল পরিবেশে বিএনপি রাজপথে টিকে ছিলো। বিএনপি লেবার পার্টির মতো পরগাছা নয়। দলের নিবন্ধন পেয়েছেন, এটা নিয়ে সন্তুষ্ট থাকেন৷ বেশীকিছু আশা করবেন না। বিএনপি নিয়ে বিব্রতকর মন্তব্য করবেন না। ১৯৭৯ সালের নির্বাচনের পর আপনারা আর জয়লাভ করেন নি।
আসিফ হোসেন নামের একজন বলেছেন, বিএনপি আপনার মতো লোভী ব্যক্তিকে নমিনেশন দেয়নি ভালোই হয়েছে। আপনার চরিত্র প্রকাশ পেয়েছে! আপনি ৩০০ সিটে নমিনেশন দেন বাপের বেটা হইলে।
তবে মঈনুল হোসাইন ও মোস্তাফিজুর রহমানসহ আরো বেশ কয়েকজন বাংলাদেশ লেবার পার্টিকে আটদলীয় জোটে সম্পৃক্ত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। যদিও আম জনতা পার্টির তারেক অনেক আগেই এই অভিযোগ করেছেন যে, বাংলাদেশ লেবার পার্টির নিবন্ধন নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহযোগিতা নিয়েছে। তবে এ অভিযোগ বিষয়ে কোন মন্তব্য করেনি ডাঃ মোস্তাফিজুর রহমান। এর আগে দেলোয়ার হোসেন সাঈদীর ছেলের কাছে ৫০ লাখ টাকা নিয়ে নমিনেশন বিক্রির অভিযোগ উঠলে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডঃ মোস্তাফিজুর রহমান ইরান তা অস্বীকার করেন।
এখন তিনি বলছেন, বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা ও ভবিষ্যৎ সমন্বিত কর্মসূচি থেকে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করলো। লেবার পার্টি জনগণের অধিকার, রাষ্ট্র সংস্কার, শোষন, বৈষম্যহীন সমাজ ও জনকল্যাণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রাম দলীয় আদর্শ ও সাংগঠনিক ভাবে জনগণের শক্তিতে এগিয়ে নিয়ে যাবে।




