ভালোবাসা নিয়ে চলে যেতে হবে পৃথিবী ছেড়ে : কুমার বিশ্বজিৎ

0
3

বাংলা গানের অনন্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চার দশকেরও বেশি সময় ধরে জুড়ে আছেন গানে। উপহার দিয়েছেন জনপ্রিয় বহু গান। কালের সীমানা জয় করে সেসব গান এখনো মানুষের মুখে মুখে।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে নিয়মিতই পুরনো গান পোস্ট করেন কুমার বিশ্বজিৎ। এর মধ্য দিয়ে ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকেন শিল্পী। দুদিন আগে একটি পোস্টে নিজের কয়েকটি জনপ্রিয় গান নিয়ে পোল করেছিলেন। জানতে চেয়েছিলেন অনুসারীদের প্রিয় গান কোনটি।

সেই পোস্টে হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে। তাতে ভক্তরা শতাধিক গানের নাম উল্লেখ করেছেন। একজন শিল্পীর গাওয়া শতাধিক গান মানুষের প্রিয়, এটা নিঃসন্দেহে বিরল ব্যাপার। আর তাই বিষয়টি নিয়ে কুমার বিশ্বজিতও আপ্লুত।

আজ বিকালে এক ফেসবুক বার্তায় ‘যেখানে সীমান্ত তোমার’ গায়ক লিখেছেন, ‘গত পোস্টে আমার গাওয়া আপনাদের ভালোলাগার গানগুলো নিয়ে জানতে চেয়েছিলাম। আপনাদের অনুভূতি, অভিব্যক্তি এবং ভালোলাগার গানগুলো জানানোর জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের উল্লেখ করা পছন্দের ১২৫টি গানের মধ্যে ১০০টির বেশি মৌলিক গান চলচ্চিত্র বহির্ভূত; যা আমার মতো একজন ক্ষুদ্র সংগীতের মানুষ এবং এর সাথে সংশ্লিষ্ট গীতিকার-সুরকার-সংগীত পরিচালকসহ সবার জন্য আশীর্বাদ, প্রাপ্তি এবং অনেক বড় পুরস্কার!’

শ্রোতাদের এমন ভালোবাসার বিপরীতে কুমার বিশ্বজিৎ বলেন, ‘হয়তো আজীবন এ গানগুলো থেকে যাবে আপনারদের অন্তরে, আপনাদের ভালোবাসায়। আর সেই ভালোবাসা নিয়ে আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে! এ ভালোবাসা নিয়ে চলে যাওয়াও পরম শান্তির। এটাই সত্যি। এটাই শাশ্বত। তাই এ শাশ্বত কথার একটি গান এবারে আপনাদের জন্য উপহার।’

পোস্টের সঙ্গে শিল্পী ‘একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে’ গানের কিছু অংশ শেয়ার করেছেন। নকুল কুমার বিশ্বাস রচিত গানটি একসময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here