রিয়ালের হারের দায় নিলেন নতুন কোচ

0
55

কোপা দেল রে থেকে অপ্রত্যাশিত বিদায় রিয়াল মাদ্রিদের। স্পেনের দ্বিতীয় বিভাগের দল আলবাসেতের কাছে হেরে টুর্নামেন্ট ছাড়তে হলো ১৫ বারের চ্যাম্পিয়নদের। নতুন কোচ আলভারো আরবেলোয়ার দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই এই ধাক্কা খেল লস ব্লাঙ্কোসরা।

আলবাসেতের কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে বুধবার রাতে শেষ ষোলোয় ৩-২ গোলে হেরেছে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল। ট্রান্সফারমার্কেট অনুযায়ী, আলবাসেতের স্কোয়াডের বাজার মূল্য যেখানে ১ কোটি ৪৫ লাখ ইউরো, সেখানে রিয়ালের ১৩৫ কোটি ইউরো।

এমন দলের বিপক্ষেই মাঠে ভুগতে দেখা যায় রিয়ালকে। তবে নতুন কোচের সান্ত্বনা, লা লিগায় লেভান্তের বিপক্ষে শনিবারের ম্যাচ সামনে রেখে তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, থিবো কুর্তোয়া ও জুড বেলিংহামকে বিশ্রামে রেখেছিলেন তিনি।

একাডেমির দুই খেলোয়াড় হোর্হে সেস্তেরো ও দাভিদ হিমেনেসকে নামানো হয় শুরুর একাদশে। ম্যাচ শেষে এই সিদ্ধান্তের দায় নিজের কাঁধেই নেন রিয়াল কোচ। আরবেলোয়া বলেন, ‘এই ফলাফলের জন্য যদি কেউ দায়ী হয়, সেটা আমি। একাদশ নির্বাচন, খেলার ধরন, বদলি—সব সিদ্ধান্ত আমার। ব্যর্থতাকে আমি ভয় পাই না।

কেউ যদি এটাকে ব্যর্থতা বলে, সেটাও আমি বুঝি। ব্যর্থতা সাফল্যের পথেরই অংশ। এটা আমাকে আরো পরিণত করবে, আমাদের সবাইকে আরো শক্ত করবে। ম্যাচে প্রথম ধাক্কা খায় রিয়াল ৪২ মিনিটে। কর্নার থেকে হাভি ভিয়ার হেডে গোল করে এগিয়ে নেয় আলবাসেতে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্রুতই সমতা ফেরায় রিয়াল। আলবাসেতে গোলরক্ষক রাউল লিসোয়াইনের ভুল কাজে লাগিয়ে কাছ থেকে গোল করেন ১৮ বছর বয়সী ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।

বিরতির পর দুই দলের মধ্যে তেমন পার্থক্য দেখা যায়নি। শেষদিকে জয়সূচক গোলের আশায় ডাভিদ আলাবা, এদুয়ার্দো কামাভিঙ্গা ও দানি কারভাহালসহ চারটি পরিবর্তন আনেন আরবেলোয়া। কিন্তু কার্যকর প্রমাণিত হয় আলবাসেতে কোচ আলবের্তো গনসালেসের পরিবর্তনগুলো। ম্যাচের মাত্র আট মিনিট থাকতে বদলি হিসেবে নামা জেফতে বেতানকোর গোলে লিড নেয় আলবাসেত। এরপর ম্যাচে যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-২ করেন রিয়ালের গার্সিয়া। তবে একেবারে শেষ বাঁশি বাজানোর আগ মুহূর্তে নিজের জোড়া গোল পূর্ণ করেন জেফতে বেতানকো। এতে ৩-২ গোলের ঐতিহাসিক জয় পায় আলবাসেত।

সাবেক কোচ জাভি আলোনসো পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়ার পর সোমবারই দায়িত্ব নেন আরবেলোয়া। তবে বার্সেলোনার কাছে স্প্যানিশ সুপার কাপের হারের পর চলমান বাজে সময় থামাতে পারলেন না তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here