পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের কোনো ইনিংসেই ক্রিজে থিতু হতে পারেননি ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে অবশ্য ২৪ রান করেই তিনি নতুন একটি ইতিহাস রচনা করেছেন। টেস্টে ঘরের মাঠে রান করা ব্যাটারদের তালিকায় রুট এখন সবার উপরে। হটিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে।
ঘরের মাঠে টেস্ট দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে লর্ডস টেস্টে নেমেছিলেন রুট। পন্টিংয়ের চেয়ে পিছিয়ে ছিলেন স্রেফ ১৩ রানে। তবে প্রথম ইনিংসে স্রেফ ৪ রানে আউট হয়ে যান এই ইংলিশ অধিনায়ক। পরের ইনিংসে ৩৭ বলে করলেন ২৪ রান। নিজেদের মাটিতে ৮৯ টেস্টে তার রান ৭৫৯৪। আর পন্টিং অস্ট্রেলিয়ার মাটিতে ৯২ টেস্টে ৭৫৭৮ রান করেছিলেন।
হোম টেস্টে সর্বোচ্চ রান
জো রুট – ৭৫৯৪ রান – ৮৯ টেস্ট – গড় ৫৩.৮৫
রিকি পন্টিং – ৭৫৭৮ রান – ৯২ টেস্ট – গড় ৫৬.৯৭
শচীন টেন্ডুলকার – ৭২১৬ রান – ৯৪ টেস্ট – গড় ৫২.৬২
মাহেলা জয়াবর্ধনে – ৭১৬৭ রান – ৮১ টেস্ট – গড় ৫৯.৭২
জ্যাক ক্যালিস – ৭০৩৫ রান – ৮৮ টেস্ট – গড় ৫৬.৭৩
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বড় অবদান রাখতে চাইবেন নতুন করে ইংলিশদের অধিনায়কত্ব পাওয়া রুট। সর্বশেষ ৫ টেস্ট ও ৩ ওয়ানডেতে তিনি কোনো সেঞ্চুরি পাননি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট সর্বনিম্ন ৭২ রান করতে পারলে রুট হবেন প্রথম কোনো ইংলিশ ব্যাটার এবং বিশ্বের ষষ্ঠ ব্যাটার হিসেবে ঘরের মাঠে ১২ হাজার রান করা ক্রিকেটার।
সব ফরম্যাট মিলিয়ে ঘরের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটা ভারতীয় কিংবদন্তি শচীনের দখলে। তিনি মোট ২৫৮ ম্যাচে ৫০.৩২ গড়ে ১৪১৯২ রান করেছেন। এই তালিকায় যথাক্রমে আছেন– রিকি পন্টিং (২৪৯ ম্যাচে ১৩১১৭), বিরাট কোহলি (২৩১ ম্যাচে ১২৭৮০), জ্যাক ক্যালিস (২৩৪ ম্যাচে ১২৩০৫), কুমার সাঙ্গাকারা (২৩৫ ম্যাচে ১২০৪৩), জো রুট (১৯৯ ম্যাচে ১১৯২৮), মাহেলা জয়াবর্ধনে (২৮৯ ম্যাচে ১১৬৭৯) এবং অ্যালান বোর্ডার (২৬৩ ম্যাচে ৯৮১১)।





