গত বছরের জুলাইয়ে পিঠের ইনজুরিতে পড়েছিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। এরপর মাঝে কেবল অ্যাশেজ সিরিজের একটি টেস্ট খেলেছেন। ৬ উইকেট শিকারের পর তাকে বড় ঝুঁকি এড়াতে বিশ্রামে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। তাদের প্রত্যাশা ছিল পুরো ফিট হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন কামিন্স। তবে আইসিসির এই মেগা ইভেন্ট শুরুর সপ্তাহখানেক আগে তিনি ছিটকে গেছেন।
কামিন্সের বদলে অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন ৩১ বছর বয়সী পেসার বেন দারউইশ। এ ছাড়া অফফর্মে থাকা ম্যাথু শর্টকে বাদ দিয়ে তার জায়গায় নেওয়া হয়েছে ম্যাট রেনশকে। তবে চূড়ান্ত স্কোয়াডে এবারও সুযোগ মেলেনি বিগ ব্যাশে দুর্দান্ত ফর্ম দেখানো অভিজ্ঞ তারকা স্টিভেন স্মিথের। এ ছাড়া ইনজুরি থেকে ফেরা জশ হ্যাজলউড, টিম ডেভিড এবং নাথান এলিসকে বিশ্বকাপের জন্য পূর্ণ ফিট হিসেবে উল্লেখ করা হয়েছে।





