ইউক্রেন হয়ে উঠছে বিধবা ও এতিমদের দেশ

0
37

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চার বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়াবহ জনসংখ্যাগত সংকটে পড়েছে কিয়েভ। যুদ্ধের কারণে দেশটিতে জন্মহার দ্রুত কমছে, লাখ লাখ মানুষ মারা গেছে বা দেশ ছেড়ে পালিয়েছে এবং বহু মানুষ সন্তান নেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। ফলে ইউক্রেন বিশ্বের সবচেয়ে বড় জনসংখ্যাগত সংকটগুলোর একটির মুখে পড়েছে।

সিএনএনের খবরে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় এক কোটি মানুষ মারা গেছে, দেশ ছেড়েছে বা রাশিয়ার দখলকৃত এলাকায় বসবাস করছে। এ তথ্য জানিয়ে দেশটির গবেষক এল্লা লিবানোভা বলেন, এটা এক ধরনের বিপর্যয়। মানুষ ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। ইউক্রেনীয় নারী ওলেনা বিলোজেরস্কা যুদ্ধের আগে সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু তিনি ও তাঁর স্বামী যুদ্ধে যোগ দেন। পরে সেনাবাহিনী থেকে ফেরার পর চিকিৎসকরা জানান, তাঁর সন্তান নেওয়ার সক্ষমতা প্রায় নেই বললেই চলে।

ইউক্রেনের প্রজনন বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের চাপের কারণে নারী ও পুরুষ উভয়ের প্রজননক্ষমতা কমছে। আবার বহু সেনা মারা যাওয়ায় ইউক্রেন এখন বিধবা ও এতিমদের দেশে পরিণত হচ্ছে। ইরিনা ইভানোভা তাঁর স্বামী পাভলো ইভানোভের সন্তানসম্ভবা ছিলেন। কিন্তু তিনি যুদ্ধের ময়দানে নিহত হন। পরে ইরিনা একটি কন্যাসন্তানের জন্ম দেন এবং স্বামীর দেওয়া নাম রাখেন ইউস্তিনা। তিনি বলেন, ‘আমি একসঙ্গে সবচেয়ে বড় সুখ আর সবচেয়ে বড় কষ্ট অনুভব করেছি।’ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থার হিসাবে, যুদ্ধ শুরুর পর থেকে এক লাখ থেকে এক লাখ ৪০ হাজার ইউক্রেনীয় নিহত হয়েছেন। দেশটিতে এখন প্রায় ৫৯ হাজার শিশু বাবা-মা ছাড়া বড় হচ্ছে।

ইউক্রেনের জন্মহার এখন একের নিচে নেমে গেছে। এ ছাড়া প্রায় ৬০ লাখ মানুষ বিদেশে শরণার্থী হিসেবে বসবাস করছে। যুদ্ধ দীর্ঘ হলে তারা আর ফিরবে না বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ইউক্রেনের দক্ষ জনশক্তি হারিয়ে যাচ্ছে।

ইউক্রেন অভিযোগ করেছে, জ্বালানি সরবরাহ নিয়ে হাঙ্গেরি ও স্লোভাকিয়া তাদের ওপর চাপ ও ব্ল্যাকমেইল করছে। রাশিয়ার তেল পরিবহন আবার চালু করা না হলে তারা ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে। ইউক্রেন বলছে, এসব আলটিমেটাম মস্কোর দিকে দেওয়া উচিত, কিয়েভের দিকে নয়।

রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ, ওডেসা ও অন্যান্য অঞ্চলে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা নিহত ও ২৪ জন আহত হয়েছেন। এর আগে রাশিয়ার প্রত্যন্ত উদমুর্তিয়া অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের জেনারেল স্টাফ এ তথ্য জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here