ম্যানইউর আরেকটি জয়ের নায়ক সেসকো

0
23

চার ম্যাচে তৃতীয়বার মাইকেল ক্যারিকের দলকে উদ্ধার করলেন ম্যানইউ স্ট্রাইকার বেঞ্জামিন সেসকো। বেঞ্চ থেকে উঠে আসার পর তিনি এভারটনের মাঠে একমাত্র গোল করেছেন। ১-০ গোলে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে গেল ম্যানইউ।

অন্তর্বর্তীকালীন কোচের অধীনে ম্যানইউ ছয় ম্যাচ খেলেছে। কিন্তু একটিতেও শুরুর একাদশে ছিলেন না সেসকো। স্লোভেনিয়ান স্ট্রাইকার বদলি নেমে তার কাজ ঠিকঠাক করে যাচ্ছেন। ক্যারিকের অপরাজিত থাকার পেছনে তিনি অবদান রেখেছেন দারুণভাবে। এ পর্যন্ত দুটি জয়সূচক গোল ও একটি শেষ মুহূর্তের সমতা ফেরানোর নায়ক তিনি।

ঠিক এক ঘণ্টার আগে আমাদ দিয়ালোর বদলি হন সেসকো। ১৩ মিনিটের মধ্যে ছাপ রাখেন তিনি। একটি সরাসরি কাউন্টার অ্যাটাক থেকে জাল কাঁপান। ওই এক গোলেই ছয় ম্যাচে পঞ্চম জয় পায় ম্যানইউ। তিন নম্বরে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে মাত্র ৩ পয়েন্ট পেছনে তারা। দিয়ালোর শট গোললাইন থেকে বিপদমুক্ত করেন জেমস তারকোভস্কি। চতুর্থ মিনিটে ওই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথম সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ম্যানইউ।

সেসকো এবার আগেভাগে গোল পেলেন। আগের দুইবার ৯০তম মিনিটের পর করেছিলেন। এবার ৭১তম মিনিটে ম্যাথিউস কুনহা নিজের বক্সের সামনে থেকে লম্বা ক্রস দেন। ব্রায়ান এমবেউমো প্রতিপক্ষ খেলোয়াড় মাইকেল কিনের বাধার মুখে পড়ে বক্সের মধ্যে পাস দেন। সেসকো সহজেই জাল কাঁপান। সাত ম্যাচে ছয় গোল করে তিনি বুঝিয়ে দিলেন, তাকে উপেক্ষা করা কঠিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here