‘মেয়েদের অর্জনে আমি গর্বিত’

0
13

বিশ্বজুড়ে আজ (রোববার) পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে মাতৃভূমি থেকে বহু দূরে অবস্থান করছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। অস্ট্রেলিয়ায় তারা চলমান নারী এশিয়ান কাপ খেলছে। প্রথমবারের এই টুর্নামেন্টে গিয়ে আগেই ইতিহাস গড়েছিল আফিদা-ঋতুপর্ণারা। ম্যাচ হারলেও পিটার বাটলারের অধীন বাংলাদেশ দল পরাশক্তিদের চোখে চোখ রেখে লড়ছে।

আগামীকাল (সোমবার) এশিয়ান কাপের গ্রুপপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। এই ম্যাচটি জিতলে বাংলাদেশের ফুটবলে আরেকটি ইতিহাস হবে। এশিয়ান কাপে প্রথম জয় এবং এই জয়ে খুলতে পারে কোয়ার্টার ফাইনালের পথ। কোচ হিসেবে মেয়েদের কাছ থেকে দেখেছেন বাংলাদেশ কোচ বাটলার। অনেকে তাদের অর্জনকে ছোট করে দেখতে চান বলেও মন্তব্য করেছেন তিনি, একইসঙ্গে বাটলার নারী ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত বলেও জানান।

বাংলাদেশের কোচ বলছেন, ‘আমি আফ্রিকায় আট বছর পুরুষ জাতীয় দলের কোচ ছিলাম। সামাজিক প্রেক্ষাপটে আফ্রিকা অনেকটা বাংলাদেশের মতোই, সবারই একটি করে গল্প আছে। আমি সবসময় নারীর অধিকারের পক্ষে দাঁড়ানোয় বিশ্বাসী। আমি জানি আমি যখন এটি করি তখন অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি ঝুঁকি নিতে পিছপা হই না। আমি এই দলের হয়ে কাজ করতে পেরে গর্বিত। আমরা একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। আমি “আমি শব্দের বদলে আমরা” বলতে পছন্দ করি।’

এশিয়ান কাপে বাংলাদেশ এখনও না জিতলেও, ফুটবলারদের লড়াকু মানসিকতায় সন্তুষ্ট বাটলার, ‘আমি মনে করি আমরা অনেক দূর এসেছি, যদিও পথে অনেক বাধা ছিল। এমনকি আগামীকাল যদি আমরা না-ও জিতি, তাতে কিছু যায় আসে না। কারণ আমরা শুধু জেতার জন্যই এখানে আসিনি। আমাদের মধ্যে যে লড়াকু মানসিকতা আছে সেটিই বড় কথা। আমি শুধু একা নই, আমরা সম্মিলিতভাবে মেয়েদের সুযোগ-সুবিধা, থাকার পরিবেশ, ট্রেনিং কন্ডিশন এবং পুষ্টি নিশ্চিত করার জন্য লড়াই করেছি। আমি তাদের সঙ্গে মাঝেমধ্যে কঠোর হয়েছি, কিন্তু আমি জানি তারা খুব কঠিন পরিবেশ থেকে উঠে এসেছে এবং আমি তাদের প্রতি সহানুভূতিশীল।’

‘আমার নিজের তিনটি সন্তান আছে, তাই আমি বুঝি সন্তান লালন-পালন কেমন। আমার সন্তানরা এই মেয়েদের তুলনায় অনেক বেশি ভাগ্যবান ছিল। অনেকে হয়তো আমাদের অর্জনকে ছোট করে দেখেন এবং পুরুষ দলের সাথে তুলনা করেন, কিন্তু আমি সারাদিন এটি নিয়ে কথা বলতে পারি। যাই হোক, আগামীকালের ফলাফল যা-ই হোক না কেন, আমি তাদের নিয়ে গর্বিত’, আরও যোগ করেন ব্রিটিশ এই কোচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here