রিংকুর আবেগঘন পোস্ট

0
16

একহাতে ট্রফি ধরে ছিলেন রিংকু সিং। কিন্তু মনের মধ্যে একরাশ হাহাকার। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলেও তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ ঠিকভাবে উদযাপন করতে পারছিলেন না ভারতের এই ব্যাটার। তার প্রয়াত বাবার কথা খুব করে মনে পড়ছিল।

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ২৭ ফেব্রুয়ারি মারা যান রিংকুর বাবা খানচাঁদ সিং। বিশ্বকাপের মাঝপথে বাবাকে হারান ভারতীয় ব্যাটার। রোববার নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর বাবার জন্য মন কেঁদে উঠল তার।

ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে রিংকু লিখেছেন, ‘তোমার সঙ্গে কথা না বলে এতদিন কখনো কাটাইনি। জানি না তোমাকে ছাড়া বাকি জীবন কী করে চলবে। কিন্তু আমার প্রতিটি পদক্ষেপে তোমাকে দরকার হবে।’

তার আরও কথা, ‘তুমিই শিখিয়েছিলে, সবকিছুর আগে হলো কর্তব্য। মাঠে নেমে শুধু তোমার স্বপ্নপূরণ করার চেষ্টা করেছি। এখন তোমার স্বপ্নপূরণ হয়ে গিয়েছে। তাই খুব মনে হচ্ছে, তুমি যদি আমার কাছে থাকতে। ছোট-বড় যেকোনো খুশিতে তোমার অভাব বোধ করব। বাবা, তোমাকে খুব মিস করব। অনেক বেশি।’

বাবার মৃত্যুর আগে বিশ্বকাপে ভারতের সবকটি ম্যাচ খেলেছেন রিংকু। যুক্তরাষ্ট্র, নামিবিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে তার রান ছিল যথাক্রমে ৬, ১, ১১*, ৬*। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাক মারেন। জিম্বাবুয়ের বিপক্ষে সুপার এইট ম্যাচের আগের দিন তার বাবা মারা যান। পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তিনি দলের সঙ্গে যোগ দিলেও আর কোনো ম্যাচ খেলেননি।

জিম্বাবুয়ের বিপক্ষে রিংকুর পরিবর্তে সঞ্জু স্যামসন খেলেন। পরে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ৯৭*, ৮৯ ও ৮৯ রান করে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন ব্যাকআপ ওপেনার হিসেবে স্কোয়াডে থাকা স্যামসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here