মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি : তৌসিফ মাহবুব

0
21

প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে অরিজিনাল ওয়েব সিরিজ ‘চক্র ২’। ভিন্নধর্মী সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিরিজটি মুক্তির পরপরই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

গত ২৬ মার্চ ভিকি জাহেদের পরিচালনায় ৮ পর্বের এই সিরিজটি অবমুক্ত করা হয়। মুক্তির মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ১০ লাখ মিনিটের বেশি দেখার রেকর্ড গড়েছে তারকাবহুল এই সিরিজ। মূলত ১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের আত্মহত্যার চাঞ্চল্যকর ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘চক্র’। প্রথম সিজনের রেশ ধরে এবার আরও টান টান উত্তেজনা নিয়ে এসেছে দ্বিতীয় সিজন।

সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, এটি তার ক্যারিয়ারের প্রথম ওয়েব সিরিজ। সেই হিসেবে মুক্তির আগে কিছুটা নার্ভাস ছিলেন তিনি। তবে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি এখন বেশ স্বস্তিতে। তৌসিফের ভাষ্য, মুক্তির পর দর্শকদের ফিডব্যাকে মনে হচ্ছে পুলসিরাত পার হতে পেরেছি। লন্ডন থেকেও দর্শকরা জানিয়েছেন তারা ছুটির দিনে পরিবার নিয়ে সিরিজটি উপভোগ করছেন।

নির্মাতা ভিকি জাহেদ জানান, বাংলাদেশে এর আগে কোনো ওয়েব সিরিজে এত বেশিসংখ্যক শিল্পী একসঙ্গে কাজ করেছেন কি না তা তার জানা নেই। এতে মোট ১৮টি গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। তিনি আরও বলেন, চক্র নির্মাণের পর থেকেই দর্শকরা প্রতিনিয়ত দ্বিতীয় সিজন সম্পর্কে জানতে চাইতেন। সেই আকাঙ্ক্ষা থেকেই সিরিজটি নির্মাণ করা এবং দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে।

তারকাবহুল এই সিরিজে তৌসিফ মাহবুব ছাড়াও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন শাহেদ আলী, নাদের চৌধুরী, এ কে আজাদ সেতু, গাজী রাকায়েত, মেঘলা মুক্তাসহ আরও অনেকে। বর্তমানে আইস্ক্রিনে সিরিজটি দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here