বিয়ে করলেন মেহরীন পিরজাদা

0
3

২০২১ সালে বাগদান ভেঙে যাওয়ার পর থেকে ভারতীয় অভিনেত্রী মেহরীন পিরজাদার ব্যক্তিগত জীবন নিয়ে জলঘোলা কম হয়নি। এমনকি গত বছর তার গোপন বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে, সেসময় তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। তবে এবার আর কোনো লুকোছাপা নয়, ভক্তদের সারপ্রাইজ দিতে এবার নিজের বিয়ের খবরটি নিজেই প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী মেহরীন পিরজাদা বিয়ে করেছেন। তার বরের নাম আরশ ওলাখ। রবিবার (২৬ এপ্রিল) হিমাচল প্রদেশে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী।

এদিকে মেহরীন নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, মেহরীন পরেছেন সিকুইন কাজ করা ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা। এর সঙ্গে লেয়ারড স্টোন নেকলেস, রং মিলিয়ে বেছে নেন কানের দুল। হালকা মেকআপ নিয়েছিলেন মেহরীন। ঘোমটার নিচে তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। অন্যদিকে, তার বর আরশ একই রঙের ব্লাশ-পিঙ্ক পোশাক বেছে নেন। মেহরীন ক্যাপশনে লেখেন,’২৬.০৪.২৬।‘ এরপর থেকে ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই নবদম্পতি।

প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে গোপন বিয়ের চর্চা শুরুর পর মেহরীন পিরজাদা বলেছিলেন, ‘আমি অবিবাহিত। আমি কাউকে বিয়ে করিনি। বিশ্বাস করুন, আমি যেদিন সত্যিই বিয়ে করব, সেদিন পুরো দুনিয়াই জানবে,এই প্রতিশ্রুতি দিচ্ছি।’ মেহরীন তার প্রতিশ্রুতি কিছুটা হলেও রেখেছেন, আগে খবর না দিলেও বিয়ের পর খবর জানিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে মাত্র ১০ বছর বয়সে র‌্যাম্পে হাঁটেন মেহরীন। ২০১৩ সালে ‘মিস পারসোনালিটি সাউথ এশিয়া কানাডা’সহ কয়েকটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ীর মুকুট পরেন। পরবর্তীতে ভারত ও কানাডার বেশ কিছু বাণিজ্যিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে পরিচিতি লাভ করেন।

এরপর নাম লেখান চলচ্চিত্রে। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘কৃষ্ণা গাডি ভীরা প্রেমা গাধা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেহরীনের। ২০১৭ সালে ‘ফিল্লোরি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here