ছেলের সাফল্য দেখে বুকের ভেতর বয়ে যাওয়া আনন্দের ঝরনাধারা শেষমেশ বাঁধ ভাঙল বাবা আমির খানের চোখের কোণে। বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ যখন বাস্তবের এক গর্বিত বাবা, তখন আবেগের কোনো ব্যাকরণ খাটে না। রুপালি পর্দায় ছেলে জুনাইদ খানের অসাধারণ পারফরম্যান্স দেখে নিজেকে আর সামলাতে পারলেন না আমির, আনন্দাশ্রুতে ভিজে উঠল তার দুই চোখ, যা কি না যেকোনো পুরস্কারের চেয়েও দামি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জুনাইদ এবং সাই পল্লবী অভিনীত ছবি ‘এক দিন’ এর বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আমির। দক্ষিণী সুন্দরী সাই পল্লবীর প্রথম হিন্দি ছবি এটি। দর্শকাসনে বসেছিলেন আমির। ছেলের অভিনয় দেখতে দেখতে কেঁদে ফেলেন আমির। বার বার তাকে চোখের জল মুছতেও দেখা গিয়েছে।
সম্প্রতি বিশেষ স্ক্রিনিংয়ের সময়কার হলের একটি ভিডিও প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, পাশে বসে থাকা জুনাইদ এবং সাই পল্লবী আমিরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ছেলের অভিনয় দেখে গর্বে আপ্লুত হয়ে পড়েন আমির। শুধু তাই নয়, এই মঞ্চেই সাই পল্লবীর প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। আমির জানিয়েছেন, বর্তমানে দেশের সেরা অভিনেত্রীদের অন্যতম সাই।
জানা যায়, ‘এক দিন’ ছবিতে জুনাইদ একজন লাজুক ও ইন্ট্রোভার্ট প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে সাই পল্লবী তাঁর অফিসের সহকর্মী। জুনাইদ অভিনীত চরিত্রটি মনে মনে ভালোবাসে সাই পল্লবীকে। কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করতে দ্বিধা বোধ করেন। একই অফিসে কাজ করা সত্ত্বেও, তার সাথে কথা বলার আত্মবিশ্বাস জোগাড় করতে জুনাইদকে বেশ বেগ পেতে হয়। তবে গল্পের মোড় ঘুরে যায়, যখন সাইয়ের চরিত্রের বড় দুর্ঘটনা হয়।
উল্লেখ্য, এই ছবিটি ২০১৬ সালের থাই সিনেমা ‘ওয়ান ডে’-এর রিমেক। জানা যায়,সিনেমাটি আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।




