চেন্নাই সুপার কিংসের অধিনায়ক বিতর্কে মুখ খুললেন সাঞ্জু স্যামসন। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। চোটের জন্য খেলতে পারছেন না মহেন্দ্র সিংহ ধোনিও। এই পরিস্থিতিতে ক্রিকেটপ্রেমীদের একাংশ অধিনায়ক পরিবর্তনের দাবি তুলেছেন।
এ বারও চেন্নাইয়ের পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই। ক্রিকেটার হিসেবেও সাফল্য পাচ্ছেন না রুতুরাজ। অন্য দিকে ভালো ফর্মে রয়েছেন সাঞ্জু। তাই অধিনায়ক পরিবর্তনের দাবি উঠেছে। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। এ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন সাঞ্জু।
সাবেক ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন, চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার পরিকল্পনা আছে তোমার? উত্তরে সাঞ্জু বলেছেন, ‘না। আমার একটা দল আছে। দলে আমার একটা জায়গাও আছে। একটা দল ছেড়ে আর একটা দলে যোগ দিয়েছি আমি। এই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে কোনো দাবি রাখা যায় না।’
সাঞ্জু আরও বলেছেন, ‘সত্যি বলতে, আপনি যখন নতুন বাড়ি খোঁজেন, তখন খুব বেশি চাহিদা রাখলে হয় না। আমিও কোনও দাবি বা চাহিদা নিয়ে এই দলে আসিনি। একটা নতুন দলে এসে প্রথম লক্ষ্য থাকে নিজের যোগ্যতা প্রমাণ করা। ঠিকঠাক আচরণ করতে হয়। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হয়। দায়িত্ব নিতে হয়। সিএসকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমার ওপর ভরসা রেখেছে। এই দলের জন্য নিজের সবকিছু উজাড় করে দিতে আমি প্রস্তুত।’
অধিনায়ক রুতুরাজের পাশেও দাঁড়িয়েছেন সাঞ্জু। তিনি বলেছেন, ‘আমি অন্য একটি দলকে পাঁচ বছর নেতৃত্ব দিয়েছি। তাও রুতুরাজ আমাকে তার দলে স্বাগত জানিয়েছে। নিজের প্রতি অগাধ আস্থা এবং আত্মবিশ্বাস না থাকলে এটা করা যায় না। এই ব্যাপারটাই আমাকে আকৃষ্ট করেছিল। এখন অনেকে অনেক কথা বলে। এই করব, সেই করব। আমার কাছে কথার চেয়ে কাজে করে দেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।’





