ওটিটিতে মুক্তি দিল ‘রঙবাজার’

0
2

কোরবানির ঈদের পর প্রেক্ষাগৃহে বড় আয়োজনে মুক্তির পরিকল্পনা ছিল নির্মাতা রাশিদ পলাশের ‘রঙবাজার’ সিনেমার। তবে বড় পর্দায় আসার আগেই চলতি মাসের শুরুতে অনলাইনে ফাঁস হয়ে যায় এর পুরো এইচডি প্রিন্ট।

কিন্তু ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে পাইরেসির কবল থেকে চলচ্চিত্রটি রক্ষা করতে প্রেক্ষাগৃহের আশা ছেড়ে ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এর ফলে গত রোববার থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেমেটিক’-এ স্ট্রিম হচ্ছে সিনেমাটি।

হুট করে এভাবে ওটিটিতে মুক্তি পাওয়া নিয়ে নির্মাতা রাশিদ পলাশ সংবাদ মাধ্যমে জানান, ছবি ফাঁস হয়ে যাওয়ায় প্রযোজকের সিদ্ধান্তেই হঠাৎ এটি ওটিটিতে মুক্তি দিতে হয়েছে। বড় পর্দার সিনেমা এভাবে আসায় নির্মাতা হিসেবে তার মন খারাপ হলেও পাইরেসির হাত থেকে বাঁচতে প্রযোজকের সামনে আর কোনো বিকল্প ছিল না বলেও জানান তিনি।

৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি। তামজিদ অতুলের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। লাইভ টেকনোলজিস প্রযোজিত এই সিনেমার বেশির ভাগ দৃশ্যধারণ করা হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে।

‘রঙবাজার’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, শম্পা রেজা, নাজনীন হাসান চুমকী, তানজিকা আমিন, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here