অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0
1

বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপকে ঘিরে আবারও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তার একটি পুরনো পোস্টকে কেন্দ্র করে এবার ভারতের গুজরাতের সুরাত আদালতে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি আদালত এই বলিউড পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে বলে জানা গিয়েছে।

এই মামলার মূল অভিযোগকারী হলেন আইনজীবী তথা বিশ্ব হিন্দু পরিষদের নেতা কমলেশ রাভাল। তার দাবি, অনুরাগের ওই মন্তব্যটি শুধুমাত্র একটি ব্যক্তিগত মত প্রকাশ নয় বরং তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোটা ব্রাহ্মণ সম্প্রদায়কে চরম অপমান করেছে।

এর ফলে সমাজে তীব্র বিভাজন ও বিদ্বেষ ছড়াতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ৩৫২ এবং ৩৫৩(২) ধারায় মামলা রুজু করার সুনির্দিষ্ট নির্দেশ দিয়েছে।

ঘটনার সূত্রপাত মূলত ২০২৫ সালে। সে সময় ভারতের প্রখ্যাত সমাজসংস্কারক জ্যোতিরাও ফুলের জীবননির্ভর চলচ্চিত্র ‘ফুলে’-এর ট্রেলার বা ঝলক প্রকাশ্যে আসে। ছবিটি নিয়ে ‘অল ইন্ডিয়া ব্রাহ্মণ সমাজ’-এর পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছিল। সেই সিনেমা কেন্দ্রিক বিতর্কের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরক মন্তব্য করে বসেন অনুরাগ কাশ্যপ, যা ঘিরে মুহূর্তে সমালোচনার ঝড় ওঠে।

২০২৫ সালের এপ্রিল মাসে পরিচালক তার ওই অত্যন্ত বিতর্কিত পোস্টে লিখেছিলেন, ‘ব্রাহ্মণদের উপর আমি প্রস্রাব করি। এতে কোনও সমস্যা আছে?’ পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের প্রবল তোপের মুখে পড়েন এই পরিচালক। বহু মানুষ তখনই তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here