নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

0
4

বাংলাদেশে নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে। ভারতের অনুমোদন না পাওয়ায় আগামী ১৫ জুন থেকে বাংলাদেশ আগের মতোই ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে।নেপালের জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অনুমতি দেয়নি। তাদের দাবি, ভারত-বাংলাদেশ সংযোগকারী বিদ্যুৎ সঞ্চালন লাইনে বর্তমানে পর্যাপ্ত সক্ষমতা নেই।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির বৈঠকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি ৪০ মেগাওয়াট থেকে বাড়িয়ে ৬০ মেগাওয়াট করার বিষয়ে নীতিগত সম্মতি হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও নতুন ত্রিপক্ষীয় চুক্তি এখনও সম্পন্ন হয়নি।
নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ
শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ রপ্তানির জন্য তারা ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগমের (এনভিভিএন) মাধ্যমে আবেদন করেছিল। কিন্তু ভারত জানিয়েছে, বিদ্যমান ট্রান্সমিশন লাইনে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পরিবহনের সুযোগ নেই।

বর্তমানে নেপালের ত্রিশুলি ও চিলিমে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। এই বিদ্যুৎ ভারতের সঞ্চালন ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে পৌঁছায়।

নেপাল ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করে। বিদ্যুৎ প্রতি ইউনিট ৬ দশমিক ৪০ মার্কিন সেন্ট দরে বাংলাদেশ কিনছে। অতিরিক্ত ২০ মেগাওয়াট রপ্তানির অনুমোদন মিললে একই দরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।

এখন অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নেপাল-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা হবে। ভারতের অনুমোদন পাওয়ার পর নতুন চুক্তি সই হলে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি ৬০ মেগাওয়াটে উন্নীত হতে পারে।

তথ্যসূত্র: কাঠমান্ডু পোস্ট ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here