শেষ ষোলোর লড়াইয়ের আগে বড় ধাক্কা খেল বর্তমান ইউরোপীয় শক্তি ফ্রান্স। প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডের অন্যতম ভরসা অরেলিয়াঁ চুয়ামেনি। ফলে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে পরিবর্তন আনতে হচ্ছে ফরাসি কোচকে।আজ শনিবার (৪ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছে ফরাসি দৈনিক লেকিপ।
শেষ মুহূর্তের অনুশীলন সেশনে উরুর চোটে পড়েন চুয়ামেনি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তার জায়গায় মানু কোনে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে। চলতি বিশ্বকাপে ফ্রান্সের খেলা চার ম্যাচের তিনটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন চুয়ামেনি। গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে বিশ্রাম দেওয়া হয়েছিল এই রিয়াল মাদ্রিদ তারকাকে। সেই ম্যাচে তার জায়গায় খেলেছিলেন মানু কোনে।
গ্রুপ ‘আই’র সবকটি ম্যাচ জিতে নকআউট পর্বে পা রেখেছিল ফ্রান্স। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে তারা শেষ ষোলো নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফিলাডেলফিয়াতে ফ্রান্স ও প্যারাগুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৩টায়।





