মালয়েশিয়ায় সাবাহ রাজ্যের গভর্নর মুসা বিন হাজি আমানের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বৃহস্পতিবার (১৩ আগস্ট) গভর্নরের সরকারি বাসভবন ইস্তানা সেরি কিনাবালুতে এই বৈঠক হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার সাবাহ রাজ্যের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদার করা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করা নিয়ে মতবিনিময় করেন।
আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির সময়োপযোগী উদ্যোগ, যৌথ বিনিময়/উদ্যোগ, কৃষি ক্ষেত্রে সহযোগিতা, শিক্ষা ও অ্যাকাডেমিক বিনিময়, দক্ষতা উন্নয়ন, পর্যটন, ডিপ সি ফিশিং এবং ব্লু ইকোনমির ক্ষেত্রে সহযোগিতার ওপর মত বিনিময় করেন।
হাইকমিশনার বাংলাদেশ ও সাবাহ রাজ্যের ব্যবসায়ী সম্প্রদায় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, প্রতিনিধিদল বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। উভয় পক্ষই অর্থনৈতিক সম্পর্ক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি করতে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণে আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার সাবাহ রাজ্যে বাংলাদেশি নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতার নিরসন এবং বাংলাদেশের ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও পর্যটকদের সাবাহ ভ্রমণ সহজীকরণের জন্য গভর্নরকে বিশেষভাবে অনুরোধ জানান।
এ ছাড়া, সাবাহ রাজ্যে বাংলাদেশের একটি অনারারি কনস্যুলেট প্রতিষ্ঠার বিষয়ে হাইকমিশনার গভর্নরের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
বৈঠক শেষে উভয়পক্ষের মধ্যে স্মারক উপহার বিনিময় হয়। এ সময় হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সাবাহ রাজ্যের গভর্নরের জন্য আনা উপহার সামগ্রী তার হাতে তুলে দেন।




