ফুটবলকে বিদায় জানালেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

0
2

ইতালির সাবেক স্ট্রাইকার চিরো ইমোবিলে পেশাদার ফুটবল থেকে বিদায় নিয়েছেন। তার ক্লাব প্যারিস এফসি শুক্রবার এই কথা জানিয়েছে।

ফরাসি ক্লাব এক বিবৃতি দিয়েছে, ‘একজন পেশাদার হিসেবে ১৭ বছর পার করার পর ইমোবিলে তার প্রিয়জনদের সঙ্গে বেশিরভাগ সময় কাটানোর ইচ্ছা প্রকাশ করেছেন।’

৩৬ বছর বয়সী স্ট্রাইকার গত ফেব্রুয়ারিতে বোলোগনা থেকে প্যারিস এফসিতে যোগ দেন। লিগ ওয়ানে ১২ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলে ৫৯৯ ক্লাব ম্যাচে ৩০৬ গোল ইমোবিলের। ইতালির হয়ে ৫৭ ম্যাচ খেলে করেছেন ১৭ গোল। ২০২০ সালের ইউরো জয়ী ইতালির স্কোয়াডে ছিলেন তিনি। ওই আসরে করেন দুটি গোল। করোনার কারণে পিছিয়ে ২০২১ সালের জুলাইয়ে অনুষ্ঠিত সেই টুর্নামেন্ট ফাইনালে ইংল্যান্ডকে হারায় আজ্জুরিরা।

ইমোবিলে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় পার করেন লাৎসিওতে। আট মৌসুমে ৩৪০ ম্যাচ খেলে ২০৭ গোল করে ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা হন তিনি। রোম ক্লাবের সঙ্গে কোপা ইতালিয়া ও দুটি ইতালিয়ান সুপার কাপ জেতেন।

২০২০ সালে লিগে এক মৌসুমে ৩৬ সিরি গোলের রেকর্ডে গঞ্জালো হিগুয়েনের পাশে বসে ইউরোপিয়ান গোল্ডেন শু জেতেন ইমোবিলে। চারবার সিরি আ-র শীর্ষ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করেছিলেন তিনি।

এছাড়া ইতালির জুভেন্টাস, পেসকারা, জেনোয়া ও তুরিনো এবং জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, স্পেনের সেভিয়া ও তুর্কি দল বেসিকতাসে খেলেছেন ইমোবিলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here