এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

0
2

একের পর এক চমক দিয়ে যাচ্ছেন নির্মাতা রুবাইয়াত হোসেন। তার নির্মিত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ইতোপূর্বে নির্বাচিত হয়েছে বিশ্বের প্রাচীনতব ভেনিস চলচ্চিত্র উৎসবে। এরপর জায়গা করে নেয় কানাডার টরন্টো উৎসবেও। দুই উৎসবেই প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে এটি।

এবার আরও এক চমক। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিলো লন্ডন চলচ্চিত্র উৎসবের ৭০তম আসরে। যুক্তরাজ্য তো বটেই, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আয়োজন এটি। এখানেও অতীতে কোনো বাংলাদেশি সিনেমা মূল প্রতিযোগিতায় স্থান পায়নি।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ৭ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭০তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল। এর ‘বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড’-এর লড়াইয়ে থাকছে ১০টি সিনেমা। তার মধ্যে একটি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। অন্য ছবিগুলোর মধ্যে রয়েছে জাপানের হিরোকাজু কোরে-এদার ‘লুক ব্যাক’, ইউক্রেনের সের্গেই লোজনিতসার ‘ইম্পেরিয়াম’, যুক্তরাজ্যের ক্যারল মরলির ‘৭ মাইলস আউট’, হাঙ্গেরির লিলি হরভাটের ‘মাই নোটস অন মার্স’, আর্জেন্টিনার বেঞ্জামিন নাইশতাটের ‘গ্ল্যাক্সো’, আইরিশ নির্মাতা জুটি ক্রিস্টিন মলয় ও জো ললার ‘অ্যাক্ট ৩’, ইতালির জিওভান্নি তরতোরিচির ‘কেটিসে’, পোল্যান্ডের মালগোর্জাটা সুমোভস্কা ও মাইকেল এঙ্গলার্টের ‘দ্য ইডিয়টস’ এবং ডেনমার্কের মে এল-তুখির ‘উইমেন আননোন’।

দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমার নির্মাতা জানিয়েছেন, এটি একটি মনস্তাত্ত্বিক হরর সিনেমা। ঢাকার ঐতিহ্যবাহী মেফেয়ার বিউটি পার্লারকে কেন্দ্র করে গল্পটি। কথিত আছে, একসময় এই পার্লারে একজন কনে রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন। চলচ্চিত্রটির গল্পে এক তরুণী বিয়ের প্রস্তুতির জন্য পার্লারে আসে। সেখানে একের পর এক অদ্ভুত ও অতিপ্রাকৃত ঘটনার মুখোমুখি হয় সে। রহস্য, মনস্তত্ত্ব এবং সুপারন্যাচারাল উপাদানের মধ্য দিয়ে গল্পটি ধীরে ধীরে উন্মোচিত হয়।

সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এর মধ্য দিয়ে অভিষেক হবে তার। এছাড়াও আছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। আছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্সের ফ্রাঁসোয়া ডি’আর্টেমারে, জার্মানির আন্না ক্যাচকো, পর্তুগালের পেড্রো বোর্গস ও নরওয়ের ইনগার্ড লিল হটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here