একটি রিয়েলিটি শোতে তরুণ অভিনেত্রী শ্রেয়া কালরার গালে চুমু দিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন ভারতীয় ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুর। সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনার পর দীর্ঘদিন নীরব ছিলেন তিনি। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেতা। রাম কাপুরের দাবি, ওই কাজের পেছনে তার কোনো বাজে উদ্দেশ্য ছিল না এবং গোটা বিষয়টি ভুলভাবে তুলে ধরা হচ্ছে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনাটি নিয়ে কথা বলেন রাম কাপুর। জানান, বিষয়টি নিয়ে অভিনেত্রী শ্রেয়া কালরার সঙ্গে তার কথা হয়েছে এবং শ্রেয়া নিজেও বিষয়টি স্বাভাবিকভাবেই নিয়েছেন।
রাম কাপুর বলেন, ‘শ্রেয়ার সঙ্গে আমার এ নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে; সে বিষয়টি বুঝতে পেরেছে। আমি বরাবরই এমন। আমি মেলামেশা ও অঙ্গভঙ্গির ক্ষেত্রে একটু বেশি খোলামেলা ধরনের মানুষ। পুরো ক্যারিয়ারজুড়েই আমি এমন ছিলাম। তাই কোনো প্রেক্ষাপট ছাড়া বিতর্ক তৈরি হলে সেটি আমি বিন্দুমাত্র পরোয়া করি না।’
রাম কাপুর আরও বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে, এই ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের পথচলায় আমার সঙ্গে কাজ করা কোনো নারী সহকর্মী কখনো আমার বিরুদ্ধে একটি অভিযোগও তোলেননি। তাই লোকে কী বলল তাতে আমার কিছু যায়-আসে না, আমি যেমন আছি তেমনই থাকব।’
উল্লেখ্য, সম্প্রতি খাদ্যভ্যাস ও শরীরচর্চায় বড় পরিবর্তনের মাধ্যমে ওজন কমিয়ে সম্পূর্ণ নতুন লুকে ধরা দিয়েছিলেন এই অভিনেতা। তবে ফিটনেস নিয়ে প্রশংসার রেশ কাটতে না কাটতেই এই চুমু-বিতর্কে জড়িয়ে সংবাদ শিরোনামে আসলেন তিনি।





