রাজধানীর গুলশানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সহকারী পরিচালক পরিচয়ে পার পেয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক প্রতারকের। মো. সাইফ ইমরান (৩৭) নামের ওই ভুয়া কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।
গুলশান থানা সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে অভিযুক্ত সাইফ ইমরান গুলশানের পাকিস্তান হাইকমিশনের পাশে একটি মোটরসাইকেল পার্কিং করেন। ওই স্থানে পার্কিং করতে নিষেধ করা হলে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন।
একই সঙ্গে তিনি দাবি করেন, ডিজিএফআইয়ের গাড়িগুলো সাধারণত সেখানেই পার্ক করা থাকে। পরবর্তীতে একই দিন সন্ধ্যা ৭টার দিকে তিনি পুনরায় একই স্থানে মোটরসাইকেল পার্কিং করলে দায়িত্বরত পুলিশ সদস্যদের মনে সন্দেহ জাগে।
এ সময় তার পরিচয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা বা সদস্য নন। ভুয়া পরিচয় দিয়ে আসল পরিচয় গোপন করার অভিযোগে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে।
আটক প্রতারক সাইফ ইমরানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে গুলশান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।



