জিউঝুর ভ‍্যাট ফাঁকি ৩১৭ কোটি টাকা

0
2

ব্যাটারি প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডের বিরুদ্ধে ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে ঢাকা বিভাগের মূল্য সংযোজন করের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়েছে।

এনবিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩ আগস্ট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি নিবারক দল জিউঝু ইন্ডাস্ট্রি লিমিটেডের প্রাঙ্গণে অভিযান পরিচালনা করে। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন বাণিজ্যিক দলিল, নথিপত্র ও হিসাব-সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। পরবর্তীতে জব্দ করা নথিপত্র বিস্তারিত পর্যালোচনা ও হিসাব-নিকাশ করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। অধিদপ্তরের অনুসন্ধানে দেখা যায়, ব্যাটারি উৎপাদন ও বিক্রয়ের বিপরীতে প্রতিষ্ঠানটি মোট ৩১৭ কোটি ৯২ লাখ ৫১ হাজার ৩৭৮ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি প্রকৃত তথ্য গোপন রেখে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। উন্মোচিত রাজস্ব আদায় এবং ভ্যাট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরবর্তী আইনি ও বিচারিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রাজস্ব ফাঁকি রোধে নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এ ধরনের নজরদারি ও নিবারক অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here