গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে প্রচারাভিযান মূলক অনুষ্ঠানে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। কোটালীপাড়া থানা ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপি এ লাল কার্ড প্রদর্শনের আয়োজন করে।
আজ সোমবার কোটালীপাড়া থানা হলরুমে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ভারপ্রাপ্ত ম্যানেজার মনোরঞ্জন বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ইউপি চেয়ারম্যান মনিন্দ্রনাথ হালদার, হান্নান শেখ, সাংবাদিক গৌরাঙ্গ লাল দাস, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, আলবার্ট সরকার, পার্থ সারথী দোবে, পলভক্ত মন্ডল বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আমরাই পারি শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ করতে। আমরা যদি যার যার অবস্থান থেকে শিশু নির্যাতন বন্ধে কাজ করি তাহলে শিশু নির্যাতন মুক্ত সমাজ গড়া সম্ভব হবে। আলোচনা সভা শেষে মোমবাতি প্রজ্জ্বলন করে শিশুর প্রতি সহিংসতা বন্ধে অঙ্গিকার করা হয়। এ অনুষ্ঠানে উপজেলার ১২০জন গ্রাম পুলিশ এ লাল কার্ড প্রদর্শন করেন।