মৌলভীবাজার প্রতিনিধি : উত্ত্যক্তের প্রতিবাদ করায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরে ঘরে ঢুকে ফিল্মি স্টাইলে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করার অভিযোগ উঠেছে। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী বখাটেদের গ্রেফতার করতে পারে নি পুলিশ । এদিকে , দ্রুত মেয়েটি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন কুলাউড়া পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্ধ।
মামলার এজাহার, পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনদের সূত্রে জানা গেছে, কুলাউড়া পৌরশহরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে হিন্দু পরিবারের ওই মেয়েটি। বেশ কিছু দিন ধরে রুবেল মিয়া (২৮) নামের প্রতিবেশী এক যুবক তাকে উত্ত্যক্ত করছিলেন। মেয়েটির স্বজনেরা একাধিকবার রুবেলের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ করেও ফল পাননি। এ ঘটনায় গত বৃহস্পতিবার মেয়ের ভাইয়ের সঙ্গে রুবেলের কথা-কাটাকাটি হয়। পরে মেয়ের স্বজনেরা স্থানীয় এক ওয়ার্ড কাউন্সিলরের কাছে বিচার চান।
মেয়েটির পরিবারের অভিযোগ, গত শুক্রবার রাত আটটার দিকে রুবেল ও তাঁর ভাই জুয়েলের নেতৃত্বে চার-পাঁচ জন যুবক দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মেয়েটির ঘরে ঢুকেন। এ সময় বিদ্যুৎ ছিল না। ঘরে শুধু মেয়ে ও তার মা ছিলেন। একপর্যায়ে ওই যুবকেরা মেয়েটির মুখে কাপড় গুঁজে জোর করে টেনেহিঁচড়ে নিয়ে একটি অটোরিকশায় তুলে চলে যান। এ সময় মা বাধা দিলে তাঁকে লাথি মেরে মেঝেতে ফেলে দেওয়া হয়।
পরে মেয়ের স্বজনেরা বিষয়টি পুলিশকে জানান। ওই দিন রাতে মেয়েটির বাবা বাদী হয়ে রুবেল, রুবেলের ছোট ভাই জুয়েল মিয়া (২৫), তাঁদের মা রাবেয়া বেগম (৪২), বোন সীমা বেগম (২৬) ও একই এলাকার বাসিন্দা আছকর আলীকে (৩২) আসামি করে মামলা করেন।
মেয়েটির বাবা এ প্রতিবেদককে বলেন, তাঁর ছেলের সঙ্গে রুবেলের ঝগড়ার বিষয়টি সুরাহার জন্য ওয়ার্ড কাউন্সিলর ১ জুন রাত নয়টায় পৌরসভা কার্যালয়ে উভয় পক্ষকে হাজির থাকতে বলেন। এ কারণে ওই দিন রাতে পৌরসভা কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। এরই মধ্যে মেয়েকে অপহরণ করা হয়।
কুলাউড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অরবিন্দ ঘোষ ও সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র বলেন, দ্রুত মেয়েটি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কুলাউড়া থানার ওসি শামীম মুসা বলেন, ‘অপহরণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছি।’ ওসি আরও বলেন, রুবেল বখাটে প্রকৃতির। তাঁর বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।