গোপালগঞ্জ প্রতিনিধি :গোপালগঞ্জে আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব। এ উপলক্ষ্যে আজ বুধবার গোপালগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আগামী ২০-২১ জুলাই গোপালগঞ্জ শিল্পকলা একাডেমীতে দুই দিন ব্যাপী এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহেল বাকী, সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাম্মি আক্তারসহ জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০ জুলাই আলোচনা সভা, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, একক আবৃতি অনুষ্ঠিত হবে এবং ২১ জুলাই পল্লীগীতি, লালনগীতি, মুর্শিদী, জারি, সারি, কবিগান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের প্রশংসাপত্র দেয়া হবে। আর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এসব অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড প্রজেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেখানো হবে।