Red heart tree
ভালোবাসা
সাইফুল আযম তুহিন
বহুদিন কেটে গেছে,
মন খুলে দিয়ে
“ভালবাসা” শব্দটাকে
সজোরে কোথাও বলা হয় না।
শেষ না হওয়া পথের
শেষের খুব কাছে দাঁড়িয়ে,
মাধবীলতার কাকন বাধা হাত ধরে
উড়নচন্ডী ধ্রুবটাও
একদিন বলেছিল, “ভালবাসি”।
তাই দেখে আমিও সুযোগ খুজেছি,
“ভালবাসা” শব্দটার যত্ন নেব বলে।
শতবর্ষী দিঘির পুরনো জলে
ভাসিয়ে দিয়েছি,
নীল কাগজের ডিঙি।
মেঘের জলে খুজে দেখেছি,
পালিয়ে থাকা নক্ষত্রের
ভেঙে পড়া আলো।
রঙধনুর রঙে ভিজে মুঠো বেধেছি,
আষাঢ়ের স্বাগত মিছিলে।
কখনো আবার প্রলাপ বকেছি শুধু
কদম গাছের প্রথম ফোটা ফুলের সাথে।
তারপর বুঝেছি একদিন,
“ভালবাসা” শব্দটাকে, আলাদা করে নিয়ে
বলবার কিছু নেই।
মেঘের জল, মুঠো বাধা মিছিল
অথবা কোন এক আষাঢ়ের
প্রথম ফোটা কদমের মাঝে,
“ভালবাসা” শব্দটা যেন
বোবা হয়ে থাকতেই বেশী ভালোবাসে।