মুন্সীগঞ্জ প্রতিনিধি: সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে ছাত্র আন্দোলনের ফলে আজ সকাল থেকে ঢাকা-মাওয়া মহাসড়কে তেমন কোন যাত্রীবাহি বাস চলাচল করেনি। এতে এ রুটে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
আজ সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, যাত্রীবাহি বাসগুলো সারিসারি দাঁড়িয়ে আছে। ঘাটে অসংখ্য যাত্রী থাকলেও তেমন কোন বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেনা।
এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। বাস না ছাড়ার কারণ হিসেবে জানা যায়, কোন কোন বাসের কাজপত্র ঠিক নেই। আবার যাওবা ঠিক আছে ওই সকল বাসের ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই।
অনেকটা ভয়ের কারণেই বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে খুব সামান্য সংখ্যক বাস চলাচল করলে এতে যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে বাস ধরতে। কিছু সংখ্যক পুরুষ যাত্রী বাসে উঠতে পারলেও মহিলা-শিশু ও বৃদ্ধদের বাসে উঠা ছিল চরম কষ্টের ব্যাপার। অনেকেই বাস না পেয়ে অগত্যা বাড়িতে ফিরে গেছেন। তাছাড়া এ সকল বাসের ৭০ টাকার ভাড়া যাত্রীদের থেকে নেয়া হয়েছে ২শ’ টাকা করে।
এ ব্যাপারে ঢাকা-মাওয়া বাস মালিক কল্যাণ সমিতির সভাপতি আলী আকবর বলেন, বাস মালিক ও ড্রাইভারদের মধ্যে অনেকটা ভীতি কাজ করছে। বাস ভাঙচুরের ঘটনা এড়াতে তারা বাস বন্ধ রেখেছে।