পাঁচ টেস্টের সিরিজে সমতা ফেরাতে চাইলে ভারতকে সাউদাম্পটন টেস্ট জিততেই হবে। ভারতের সামনে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য এই রান তাড়া করতে নেমে বিপাকে পড়েছে বিরাট কোহলির দল। এ প্রতিবেদন লেখার সময় ১৫৪ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে দলটি।
অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ছাড়া আর কোনও ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। কোহলি ১৩০ বলে চার বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেছেন। রাহানের ৫১ রান এসেছে ১৭০ বলে। অনেক ধৈয্যর ইনিংসটি তাঁর শেষ হয়েছে মঈন আলীর বলে এলবিডব্লু হয়ে। পুরো ইনিংস মাত্র একটি চার মেরেছেন রাহানে।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতের ঘাতক হয়ে দেখা দিয়েছেন মঈন। তিনি ৫৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড।
এর আগে রোববার সকালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২৭১ রানে। ভারতের সফলতম বোলার মোহাম্মদ শামি। তিনি ৫৭ রানে নেন ৪ উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন জস বাটলার। ৪৬ রান এসেছে স্যাম কারেনের ব্যাট থেকে।




