
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাস শ্রমিকদের জরিমানা ও সাজা দেওয়ার প্রতিবাদে ৪ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বাস শ্রমিকেরা।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, রোববার সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই সড়কে চলাচলকারী ১২টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং দুই চালককে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান।
এর প্রতিবাদে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বাস শ্রমিকরা ঢাকা-খুলনা মহাসড়ের গোপালগঞ্জ অংশের দুইটি স্থানে মহাসড়কের ওপর এলোমেলো ভাবে বাস রেখে অবরোধ শুরু করে।
এতে সড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস, মালবাহীসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে। সীমাহীন দূর্ভোগে পড়ে সাধারন যাত্রীরা। পরে প্রশাসনের সাথে শ্রমিক নেতাদের সমঝোতা বৈঠক শেষে বেলা দেড়টার দিকে ৪ ঘন্টা পর অবরোধ তুলে নেয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান জানান, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে চলাচলকারী ১২ টি বাসকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চালক রবিউল ইসলামের(৩১) ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং ছাদে যাত্রী উঠানোর অপরপাধে ১৫ দিনের সাজা এবং অপর চালক ফাহাদ হাওলাদার (২৫) ভূয়া ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন করায় তাকে এক মাসের সাজা প্রদান করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, শ্রমিদের সাথে এ নিয়ে আলোচনা শেষে অবরোধ তুলে নেওয়া হয়েছে।


