
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল দেশইনফো.কম.বিডির সম্পাদক সাজেদা হক। এ সংক্রান্ত একটি সম্পাদকীয় প্রকাশ করেছে অনলাইনটি।
সম্পাদকীয়তে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাহস আলেম সমাজ পায় কি করে। তিনি বলেন, বিশ্ব ইতিহাসেই নয়, মুসলিমদের ইতিহাসেও ভাস্কর্য একটি গুরুত্বপূর্ণ অংশ। এক একটি ভাস্কর্য সময়, সংস্কৃতি, সম্মানেক ফুটিয়ে তোলে। কিন্তু আলেম সমাজ ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে এসব করে বেড়াচ্ছেন। যা সন্ত্রাসী কর্মকাণ্ডের সামিল উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানন আজীবন মানুষের অধিকার ও সুরক্ষার জন্য সংগ্রাম করেছেন। জাতির পিতা রাষ্ট্রের সম্পদ। তার অবস্থান দলমত নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে তার প্রতি যে অসম্মান করা হয়েছে, তা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত অবমাননাকর এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনার তীব্র প্রতিবাদসহ নিন্দা জ্ঞাপন করেন তিনি।
সম্পাদক বলেন, কোনো দেশ প্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না। এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যে বা যারা জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার পূর্বক বিচারের মাধ্যমে যথাযথ শাস্তির দাবী জানান তিনি।




