পল্লীবিদ্যুৎ সমিতির কর্মবিরতি স্থগিত

0
97

দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাচ্ছেন সারাদেশের ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং কর্মচারীরা।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।এদিন সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্দোলনরতদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব তানিয়া খান, শেখ আকতার হোসেনসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান কর্মকর্তা কর্মচারীরা।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা জানান, চলমান আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচার হওয়ায় তার নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলতে আলোচনায় বসার জন্য আহ্বান জানান।

আমরা বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও ভবিষ্যতে স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নিম্নমানের মালামাল ক্রয় বন্ধের ব্যাপারে দাবি দাওয়া ও ন্যায্যতা তুলে ধরি।

আমাদের উত্থাপিত যৌক্তিক দাবি দাওয়া‌ বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় দুই সপ্তাহ সময় চেয়েছে। এরপর প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির সবস্তরের কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিসহ আবারো আলোচনার বসা হবে। তার আগপর্যন্ত আমরা কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার (১১ মে) থেকে সারাদেশের আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেবাদান চালিয়ে যাবেন।

সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীরা আরো জানান, মন্ত্রণালয়ের দেয়া আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করলেও আমাদের দাবি দাওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা আবারও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাব।

সংবাদ সম্মেলনে তারা আরো বলেন, যেহেতু আজকে (শুক্রবার)পল্লী বিদ্যুতায়ন বোর্ড সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের ডাকেনি সেহেতু শনিবার থেকে যদি কেউ কাজে না ফিরে তার দায়ভার পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বহন করবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, ডিজিএম মো. এনামুল হক, ডিজিএম প্রকৌশলী মো. বেলাল হোসেন, এজিএম আব্দুল হাকিম, মো. সাজেদুর রহমান, এজিএম মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ারিং পরিদর্শক সালাম জাবেদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here