সরকার দেশের অর্থনীতি ধ্বংস্তূপে পরিণত করেছে: ডা. ইরান

0
82

সরকারের এমপি-মন্ত্রী, আমলা ও দলীয় নেতাকর্মীরা দুর্নীতি, লুটপাট ও অর্থপাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, সরকার ১০ টাকায় চাল, বিনামূল্যে সার এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে ক্ষমতা দখল করে সব ওয়াদা বেমালুম ভুলে গেছে। জনদুর্ভোগ সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্তকে পঙ্গু করে দিয়েছে। জনগণ আওয়ামী দুঃশাসন ও লুটপাট থেকে বাঁচতে চায় উল্লেখ করে লেবার পার্টির চেয়ারম্যান বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। অসাধু কালোবাজারি ও মুনাফাখোর সিন্ডিকেটের কাছে সরকার জিম্মি হয়ে পড়েছে। সরকার দলীয় লুটেরা সিন্ডিকেট চক্র দফায় দফায় মূল্যবৃদ্ধির কারণে জনগণ চোখে সরষে ফুল দেখছে। চাল-ডাল-তেল-চিনিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির অবস্থা শোচনীয়। ডা. ইরান বলেন, গাড়িভাড়া, বাড়িভাড়া বৃদ্ধির কারণে মানুষের জীবন হাঁসফাঁস করছে। সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারে সফল হলেও দেশের জনগণের দুর্ভোগ, দুর্দশা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

মহানগর লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, অর্থ সম্পাদক রাসেল সিকদার লিটন, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here