ব্যাটারী চালিত রিকসা-ভ্যানের লাইসেন্সের দাবিতে সমাবেশ ১ জুন

0
81

ব্যাটারী চালিত রিকসা-ভ্যান চলাচলের জন্য লাইসেন্স প্রদান ও নীতিমালা তৈরী করা সহ ৬ দফা দাবিতে ১লা জুন সমাবেশের ঘোষণা দিয়েছেন জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগের নেতারা।
শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দ্বিতীয় তলায় আয়োজিত প্রতিনিধি সভায় এ ঘোষণা দেয়া হয়। । সভায় সভাপতিত্ব করেন, জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ (ব্যাটারী চালিত) সভাপতি মোঃ আজাহার আলী। সভায় বক্তব্য রাখেন, জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ (ব্যাটারী চালিত) সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, কার্যকরী সভাপতি মোঃ আবুল হোসেন, সহ-সভাপতি মোঃ মোতালেব মাদবর, মালিক প্রতিনিধি সর্বজনাব মোঃ হারুন উর রশিদ খান, আরজু আহমেদ, আর.এ জামান, মোঃ শহিদ, এ কে এম গিয়াস উদ্দিন, মোঃ আকবর আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

গত সপ্তাহে হঠাৎ করে রাজধানীতে বিআরটিএ কর্তৃপক্ষ ব্যাটারী চালিত রিকসা চলাচল বন্ধ ঘোষণা করেন। এর ফলে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় রিকসা মালিক ও শ্রমিকরা আন্দোলনে নামতে বাধ্য হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব নেত্রী জননেত্রী শেখ হাসিনা নিরীহ রিকসা মালিক ও শ্রমিকদের কথা বিবেচনা করে মহল্লা ভিত্তিক ব্যাটারী চালিত রিকসা-ভ্যান চলাচলের জন্য নির্দেশ প্রদান করেন। জননেত্রী শেখ হাসিনার এই যুগউপযোগী সিদ্ধান্তকে রিকসা-ভ্যান মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন জানান।

সভায় বক্তারা বলেন, যেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাটারী চালিত রিকসা-ভ্যান মহল্লা ভিত্তিক চলাচলের জন্য অনুমতি দিয়েছেন সেখানে একটি অশুভ চক্র টোকেন বাণিজ্য করার জন্য বিভিন্ন প্রকার পায়তারা করে যাচ্ছেন। নেতৃবৃন্দ ঐসকল অশুভ চক্রকে টোকেন বানিজ্য থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান অন্যথায় তাদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে। সভায় ব্যাটারী চালিত রিকসা-ভ্যান চলাচলের জন্য মালিকানা লাইসেন্স প্রদান ও নীতিমালা তৈরী করাসহ ৬ দফা দাবিতে জাতীয় রিকসা-ভ্যান শ্রমিক লীগ (ব্যাটারী চালিত) এর উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউ চত্ত্বরে রিকসা-ভ্যান মালিক-শ্রমিক সমাবেশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here