প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

0
73

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বৈঠকে সেনাপ্রধান দেশের আইন-শৃঙ্খলা রক্ষা পরিস্থিতির বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে অবহিত করেন। এছাড়া দেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা।

প্রসঙ্গত, সারাদেশে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী দুই মাস সারাদেশে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন সরকার। এরপর ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। তিন দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনও সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

এর আগে ৯ সেপ্টেম্বর বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকার-উজ-জামান। সাক্ষাৎকালে সেনাপ্রধান সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ ছাড়া তিনি দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রমও তুলে ধরেন। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here