মিরাজ সেঞ্চুরিটা ডিজার্ভ করত : মার্করাম

0
74

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। মাত্র ২৬ মিনিটের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। গতকাল ৮৭ রানে অপরাজিত থাকা মেহেদী হাসান মিরাজ এদিন আউট হয়েছেন ৯৭ রানে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮৯ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৩০৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন মিরাজ। ম্যাচটা শেষমেশ ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। তবে মিরাজের এমন দুর্দান্ত ইনিংস নিয়ে বিপক্ষ দলের অধিনায়ক এইডেন মার্করামও প্রশংসায় ভাসিয়েছেন তাকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মার্করাম বলেন, ‘(বাংলাদেশ কঠিন সময় দিয়েছে কি না) হ্যাঁ অবশ্যই। নতুন বল খেলাটা বেশ কঠিন ছিল ব্যাটার হিসেবে। গতকাল বা তার আগের দিনও তারা ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করত। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।’

বাংলাদেশকে হারাতে পেরে অবশ্য খুশি মার্করাম, ‘অবশ্যই দারুণ খুশি। সব ক্রীড়াবিদই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই চায় যত বেশি সম্ভব ম্যাচ জিততে। ভালো দল গড়ার শর্ত হল, ঘন ঘন এটি করতে পারা। এটাই সামনে আমাদের রোমাঞ্চিত করছে। এখন এটি দল হিসেবে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা বেশ খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here