চীন ও রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনও পদক্ষেপ মোকাবিলা করাই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী সের্গেই শইগু চীনের পররাষ্ট্রমন্ত্রীকে মঙ্গলবার (১২ নভেম্বর) এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
চীন ও অন্যান্য দেশের ওপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।পুরো বিষয়টি বাণিজ্য যুদ্ধের দিকে গড়াতে পারে। যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিযোগী ও রাশিয়াকে তার সবচেয়ে বড় হুমকি হিসাবে বিবেচনা করে।
চীনকে নিয়মিতই মিত্র হিসেবে অভিহিত করছেন পুতিন। তিনি ও শি জিনপিং মে মাসে একটি নতুন অংশীদারিত্ব ঘোষণার অঙ্গীকার করেন। তাদের কাছে যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধের এক আগ্রাসী অধিপতি, যারা বিশ্বব্যাপী বিশৃঙ্খলার জন্য দায়ী।
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে রাশিয়ার নিরাপত্তা পরিষদ সচিব সের্গেই শইগু বলেছেন, বিশ্বে স্থিতিশীলতার জন্য মস্কো ও বেইজিংয়ের মধ্যে শক্তিশালী সম্পর্ক থাকা প্রয়োজন।
শইগু বলেছেন, রাশিয়া ও চীনেকে একঘরে করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তাদের এই প্রচেষ্টা মোকাবিলা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
তার মন্তব্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেছেন, ক্রমবর্ধমান চ্যালেঞ্জিং ও জটিল বিশ্বব্যবস্থায় চীন ও রাশিয়ার ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সাধারণ স্বার্থ রক্ষায় নিজেদের মধ্যে সংহতি ও সমন্বয় বজায় রাখা গুরুত্বপূর্ণ।
চীন জানিয়েছে, ওয়াং ও শইগু দুই দেশের কৌশলগত নিরাপত্তা বিষয়ক ইস্যু নিয়ে বিস্তৃত ও গভীর আলোচনা করেছেন। কৌশলগত পারস্পরিক আস্থার উন্নয়ন নিয়েও তারা মতবিনিময় করেছেন।





