নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি এখন জনকল্যাণ নয়, রাজনীতি এখন ব্যবসা।
শনিবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে ইসি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বদিউল আলম বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। অতীতে অনেক রকম অন্যায়-অপকর্ম হয়েছে। এগুলো যাতে বন্ধ হয় এবং একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা যেন প্রতিষ্ঠিত হয়, একইসঙ্গে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা যেন শক্ত একটা ভিতের ওপর দাঁড় করানো যায়, সেই চেষ্টা করব আমরা।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, ভোটের সময় কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য হয়। রাজনীতি ব্যবসায় পরিণত হয়েছে। রাজনীতি এখন জনকল্যাণ নয়, রাজনীতি এখন ব্যবসা।
সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, নারী আসনে সরাসরি ভোট হতে পারে। প্রত্যেক আসনে যোগ্য নারীরা ভোটে নির্বাচিত হবেন। রোটেশন অনুযায়ী ভোট হলে দেখা যাবে চারটা নির্বাচনে প্রত্যেক আসনে একজন নারী সরাসরি ভোটে নির্বাচিত হবেন।
এসময় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার খারাপ হয়েছে। দলীয় প্রতীকে ভোট হোক আমরা চাই না। লোকাল গভর্নমেন্ট আইন পরিবর্তন করতে হবে। আইনের পরিবর্তন হলে ভালো হবে।
সভায় নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





