ওপেনিংয়ে দৃঢ়চেতা মানসিকতার বিজ্ঞাপন ছিলেন তিনি। পরিচিতি পেয়েছিলেন উইকেটে পড়ে থাকার দক্ষতার জন্য। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটারটির নাম ইয়ান রেডপাথ। অজিদের সাবেক এই ওপেনার ৮৩ বছর বয়সে পরলোকে পাড়ি জমিয়েছেন।
একটা সময় অস্ট্রেলিয়ান দলটির নিয়মিত মুখ ছিলেন রেডপাথ। ছিলেন অস্ট্রেলিয়ার হল অব ফেমের সদস্য। অস্ট্রেলিয়ার হয়ে রেডপাথ ৬৬টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। তার ক্যারিয়ার বিস্তৃত ছিল ১৯৬৪ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত।
তার টেস্ট অভিষেক হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৬৩-৬৪ মৌসুমে সিরিজে দ্বিতীয় ম্যাচে। অভিষেকেই সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত আউট হয়েছেন ৯৭ রানে। তবে বিদায়ের আগে সতীর্থ বিল লরির সঙ্গে ওপেনিং জুটি গড়েন ২১৯ রানের। তার প্রথম সেঞ্চুরিটি আসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৬৯ সালে। ওয়েস হল, চার্লি গ্রিফিথ, গ্যারি সোবার্স ও ল্যান্স গিবসদের নিয়ে গড়া বোলিং আক্রমণের বিপক্ষে সেদিন ১৩২ রানের দর্শনীয় ইনিংস খেলেন তিনি। ক্যারিয়ার সেরা ইনিংসটি ১৭১ ইংল্যান্ডের বিপক্ষে পার্থে। সেটি করেছিলেন ১৯৭০ সালে।
এখানে আরেকটি বিষয়ও উল্লেখযোগ্য। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে অস্ট্রেলিয়া দলে খেলা সর্বশেষ শৌখিন ক্রিকেটার ছিলেন রেডপাথ। শুধু মাত্র শৌখিন অস্ট্রেলিয়া রুলস ফুটবল ক্যারিয়ার ধরে রাখার জন্য ১৯৬৩-৬৪ মৌসুমে ম্যাচ ফি ফিরিয়ে দিয়েছিলেন। নেতৃত্বগুণের জন্য ইয়ান ও গ্রেগ চ্যাপেল ভাইদের সঙ্গে সহ অধিনায়কের দায়িত্বও পালন করেছিলেন তিনি।





